মাস্টারি বিডি ডটকম
নেত্রকোনা । ১৬ নভেম্বর ২০১৬ । ০২ অগ্রহায়ণ ১৪২৩
আবদুল গফুর হালী অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এবার আত্মার টানেই চট্টগ্রামে ফিরেছেন। এখন এ গুণী শিল্পী মাউন্ট হসপিটালে আছেন।
পত্রিকায় প্রায়শই দেখা যায়, বিভিন্ন গুণী সন্তানের চিকিৎসার ভার প্রধানমন্ত্রী নিয়েছেন। সদ্য হেলাল হাফিজের চোখের চিকিৎসার জন্যে তিনি এগিয়ে এসেছেন। তাহলে জীবন্ত কিংবদন্তি গীতিকার ও সুরকারের ভার প্রধানমন্ত্রী নেবেন না কেন?
আর একটি কথা, গফুর হালীর অসুস্থতার কোনো সংবাদ আমরা মিডিয়ায় দেখছি না কেন?
বাঙলাদেশ স্বাধীন হয়েছে বাঙালির চেতনার অভিনব উদ্ভাসন হিসাবে। কিন্তু ধারাবাহিকভাবে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এখানে নাগরিকতা প্রাধান্য পেয়েছে বরাবর। লোকসংগীত লোকনাটক বা লোকায়ত ঐতিহ্য কিংবা সাধনা প্রাধান্য পেয়েছে কম। ফলে, সাধু গুরুদের চুল কেটে দেওয়া, পথে ঘাটে তাঁদের অপমান করার নষ্ট সংস্কৃতি তৈরি হয়েছে। তবে কথা বলার সময় অবশ্য দেখা যায় একতারা দোতারা বাউলদের ছাড়া তাদের চলেই না।
আবদুল গফুর হালীর রচনা-সম্ভার বর্তমানকালের ক্লাসিক। তাঁর গান গেয়ে অনেকেই আজ বিখ্যাত। এই যে তাঁর গান গেয়ে যারা বিখ্যাত হলেন, তাঁরা কেউই তার অসুস্থতার খবরই রাখেন না আর প্রচার করার দায়িত্ব কিংবা তাঁর চিকিৎসার দায়িত্বের বিষয়ে সচেতন হবার তো কোনো প্রশ্নই আসে না। এই অবহেলা তো বাঙালির ঐতিহ্য হয়ে পড়েছে!
দিলে বড় জ্বালারে লালকুর্তাওয়ালা’র মতো গান হালী’র সৃষ্টি। আবদুল গফুর হালীদের মাধ্যমেই আজগর আলী পণ্ডিতের মতো মহর্ষিদের নাম লোকসমাজে প্রচার হয়েছে।
এছাড়া ৬টি আঞ্চলিক নাটকের রচয়িতা তিনি গফুর হালী। গুলবাহার, নীলমণি, কুশল্যা পাহাড়, চাটগাঁইয়া সুন্দরী, সতী মায়মুনা, আশেকবন্ধ‘র মতো নাটকের রচয়িতা তিনি। সোনাবন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা, মনেরও বাগানে ফুটিল ফুলরে… –হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়া গানগুলির রচয়িতা গফুর হালী।
পিতা আবদুস সোবহান ও মাতা গুলজার খাতুনের পুত্র আবদুর গফুর হালী’র জন্ম ১৯২৮ সালের ৬ আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদে। গান নিয়ে গফুর হালী’র বিখ্যাত গ্রন্থ দুটি হচ্ছে, ‘তত্ত্ববিধি ও জ্ঞানজ্যোত’।
২০১০ সালে হালী’কে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র মেঠো পথের গান।
আবদুল গফুর হালী’র সুচিকিৎসার জন্যে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।
সূত্র : সিলেট টুডে টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম