Home / জাতীয় / ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নৈতিক শিক্ষা অর্জনের কোন বিকল্প নেই’
fazle+rabbi+mia+mbd

‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নৈতিক শিক্ষা অর্জনের কোন বিকল্প নেই’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৩ জানুয়ারি ২০১৭ । ৩০ পৌষ ১৪২৩

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সকল শিক্ষার্থীকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেছেন, বিশ্বের সব দেশেই কাঙ্ক্ষিত শান্তি, সামাজিক সংহতি ও অর্থনৈতিক উন্নয়নে ‘নৈতিক শিক্ষা অর্জনের কোন বিকল্প নেই’।

শিক্ষাঙ্গনে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র একাডেমিক শিক্ষা দিলেই শিক্ষার্থীগণকে যথার্থ শিক্ষায় শিক্ষিত করে তোলা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

মো. ফজলে রাব্বী মিয়া বলেন, একজন শিক্ষককে নিজে যেমন নীতিবান হতে হবে তেমনি নিজের নৈতিকতার আলোকে শিক্ষার্থীকে প্রয়োজনীয় নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলেই এ দেশে অশান্তি সৃষ্টি হবে না, এর পাশাপাশি বিশ্বজনীন শান্তি সুদৃঢ় হবে।

ফজলে রাব্বী মিয়া আজ শুক্রবার রাজধানীর ইস্কাটনস্থ বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘বিশ্ব শান্তির জন্য শিক্ষা’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সংবাদ বাসস-এর।

ডেপুটি স্পিকার বলেন, সম্প্রতি কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষার্থী ও শিক্ষকের জঙ্গিতৎপরতা এবং তাদের ভয়াবহ কর্মকান্ড দেশ, জাতি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্বেগের বিষয়। জাতির জন্য দুর্ভাগ্যজনক এ ধরনের কর্মকান্ড থেকে কোমলমতি শিক্ষার্থীদের বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের শিক্ষক সমাজ। কিন্তু কোন শিক্ষক যদি এসব সমাজবিরোধী এবং সন্ত্রাসী কর্মকান্ডের পৃষ্ঠপোষকতা করেন তাহলে জাতির ভবিষ্যত কোথায় গিয়ে দাঁড়াবে?

এসময় তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার আলোকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে দেশের শিক্ষক সমাজের প্রতি এবং সন্তানদের চলাফেরা ও গতিবিধি সঠিকভাবে মনিটরিং করতে সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সংগঠনের নির্বাহী পরিচালক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান, সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মেজর (অবঃ) রেজাউল হক, প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
এরপর সংগঠনের পক্ষ থেকে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও চিকিৎসাবিদদের সম্মাননা প্রদান করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 10 26 1

এলজিইডিতে অনুষ্ঠিত হলো সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি বিষয়ে আলোচনা সভা

 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সৌর বিদ্যুৎ, …

Leave a Reply

Your email address will not be published.