Home / জাতীয় / বঙ্গবন্ধুর ওপর এ পর্যন্ত ১৩ শতাধিক গ্রন্থ প্রকাশ
bb+hbd+17+mbd

বঙ্গবন্ধুর ওপর এ পর্যন্ত ১৩ শতাধিক গ্রন্থ প্রকাশ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৯ আগস্ট ২০১৭ । ২৫ শ্রাবণ ১৪২৪

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিুবুর রহমানের জীবন ও কর্মের ওপর বিভিন্ন বিষয়ে লেখা এই পর্যন্ত দেশ-বিদেশে প্রায় ১৩ শতাধিক মৌলিক গ্রন্থ প্রকাশ পেয়েছে। একজন নেতার ওপর পৃথিবীর আর কোন দেশে এতো বিপুল সংখ্যক বই প্রকাশ পায়নি বলে লেখক-প্রকাশকরা জানিয়েছেন। লেখক ও প্রকাশকরা সংবাদমাধ্যমকে জানান, এই বইগুলো বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত। এ ছাড়াও বঙ্গবন্ধুর ওপর বেশ সংখ্যক বই চীনা, জাপানী, ইটালী, জার্মানী, সুইডিশসহ কয়েকটি বিদেশী ভাষায় প্রকাশিত হয়েছে।
বাংলা একাডেমী থেকে ২০১৪ সালের জুন মাসে প্রকাশিত আবু মোহাম্মদ দেলোয়ার হোসেনের লেখা ‘বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থপঞ্জি’ বইতে উল্লেখ করা হয়, ‘১৯৯৮ সালে ‘বাংলাদেশে বঙ্গবন্ধু চর্চা’ শিরোনামে আমার যে বইটি প্রকাশ পেয়েছিল, তাতে বঙ্গবন্ধুর ওপর বইয়ের সংখ্যা ছিল সাড়ে তিনশত। আর বর্তমান ‘বঙ্গবন্ধু বিয়ষক গ্রন্থ’ বইটিতে (২০১৪ সালে প্রকাশ) এ পর্যন্ত বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত বইয়ের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে।’ তার এই বইটি প্রকাশের পর তিন বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। এ সময়ে বঙ্গবন্ধুর ওপর আরও তিন শতাধিক বই প্রকাশ পেয়েছে বলে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে এবং লেখকরা জানান। এ নিয়ে প্রায় শুধুমাত্র ১৩ শত মৌলিক গ্রন্থ জাতির জনক বঙ্গবন্ধুর ওপর প্রকাশ পেয়েছে।

bb+boi+open+hasina+modi+mbd-2
‘বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থপঞ্জি’ বইতে যে পরিসংখ্যান দেয়া হয়,তা ১৬টি শিরোনামে বিভক্ত করা হয়। এর মধ্যে ‘ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু’ বিষয়ক বই প্রকাশ পেয়েছে ৯টি। ‘আগরতলা মামলা ও উনসত্তরের গণঅভ্যূত্থান’ বিষয়ে সাতটি, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ বিষয়ে ১১৭টি, রাজনীতি, প্রশাসন ও পররাষ্ট্রনীতি বিয়ষক ১৭৩টি,‘স্মৃতিচারণমূলক গ্রন্থ’ বিষয়ে ৩২টি, আলোকচিত্র ও দলিলপত্র বিষয়ে ১২৬টি, প্রবন্ধ ও নিবন্ধ বিষয়ে ১০৪টি, গল্প ও উপন্যাস বিষয়ে ১২২টি, কবিতা ও ছড়া বিষয়ে’ ৯৮টি, জীবনী গ্রন্থ-১৫১টি, শিশুতোষ গ্রন্থ- ৭৮টি, ‘বঙ্গবন্ধুবিরোধীদের দৃষ্টিতে বঙ্গবন্ধু’ বিষয়ে-১৪টি, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যাত্রা, নাটক, সংগীত, গীতি আলেখ্য গ্রন্থ ১১টি, বঙ্গবন্ধু হত্যাকান্ড বিষয়ক গ্রন্থ- ৮১টি, মূল্যায়নধর্মী গ্রন্থ’৫৫টি এবং দেশি-বিদেশী লেখকদের লেখা ইংরেজি ভাষায় প্রকাশিত গ্রন্থ- ৬৭টি প্রকাশ পেয়েছে। দেলোয়ার হোসেন বইটির ভূমিকায় বলেন- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালের লাইব্রেরীসহ, বাংলা একাডেমী লাইব্রেরী, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ও বিভিন্ন জেলার লাইব্রেরী এবং কলকাতাসহ কয়েকটি দেশ থেকেও বঙ্গবন্ধুর ওপর বইয়ের তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপরও দেশের বিভিন্ন জেলায় প্রকাশিত অনেক বইয়ের তথ্য সংগ্রহ করা যায়নি।’

Bangladesh+sheikh+mujibur+Boi+mbd

গ্রন্থটির তথ্য অনুযায়ি দেশের প্রায় তিন শতাধিক প্রকাশনী উল্লেখিত বইগুলো প্রকাশ করেছে। এর মধ্যে বেশি সংখ্যক বই প্রকাশ করেছে, বাংলা একাডেমী, আগামী প্রকাশনী, ইউপিএল, মওলা ব্রাদার্স, সময় প্রকাশনী, পারিজাত প্রকাশনী, পার্ল, অন্বেষা, অন্য প্রকাশ, হাক্কানী, পাঠক সমাবেশ, বর্ণায়ন, অনুপম, প্রতীক, মীরা প্রকাশনী, জাগৃতি। এ ছাড়া এক থেকে পাঁচটি পর্যন্ত বই প্রকাশ করেছে শতাধিক প্রকাশনী। অন্যদিকে ইংরেজি ভাষায় দেশে সবচেয়ে বেশি বই প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘আত্মজীবনী’ গ্রন্থটি একযোগে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশ করে। বাংলা একাডেমী ও আগামী প্রকাশনীও ইংরেজি ভাষায় এ সংক্রান্ত বই প্রকাশ করেছে। বাংলা একাডেমী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’সহ নয়টি বই প্রকাশ করেছে। এই বইটি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্ত্বাবধানে প্রকাশিত হয়। মীরা প্রকাশনী থেকে জাতিরজনক বঙ্গবন্ধু হত্যার বিচারের মামলা তদন্ত, ডেথ রেফারেন্স, সওয়াল জবাব, সাক্ষীদের জেরা ও রায় নিয়েই শুধু আবুল হোসেনের লেখা নয়টি গ্রন্থ প্রকাশ করেছে। মীরা থেকে জানান হয় তারা বঙ্গবন্ধু বিষয়ে প্রকাশ করেছে বাইশটি বই।

বিভিন্ন প্রকাশকরা জানান, ২০১৪ সালে বাংলা এডাডেমী বঙ্গবন্ধুর ওপর গ্রন্থপঞ্জি বইটি প্রকাশের পর গত তিন বছরে বঙ্গবন্ধুর ওপর আরও প্রায় তিন শতাধিক বই প্রকাশ পেয়েছে। ফলে এ পর্যন্ত বঙ্গবন্ধুর ওপর শুধুমাত্র মৌলিক গ্রন্থ তের শতাধিক দাঁড়িয়েছে। গত তিনটি একুশের গ্রন্থমেলায় বঙ্গবন্ধুর ওপর অসংখ্য বই প্রকাশ পেয়েছে।

mujib+unfinished+france+mbd-in

অধ্যাপক আনিসুজ্জামান এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, পৃথিবীর আর কোন নেতার ওপর এতো বই প্রকাশ পেয়েছে বলে আমার জানা নেই। বাংলাদেশ নানা প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও বঙ্গবন্ধুর ওপর এতো বই বের হয়েছে, তা তাঁর প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতারই প্রকাশ পায়। তাঁর জীবন ও কর্মের ওপর অপ্রকাশিত অনেক তথ্য বের হয়ে আসছে প্রতিনিয়ত। ফলে বঙ্গবন্ধুর ওপর বই প্রকাশনা আগামীতেও অব্যাহত থাকবে- এই আশা করা যায়।

আগামী প্রকাশনী বঙ্গবন্ধুর ওপর বিভিন্ন বিষয়ে ৮০টি বই প্রকাশ করেছে। এই প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি সংবাদমাধ্যমকে বলেন, এককভাবে আমরা সবচেয়ে বেশি বই প্রকাশ করেছি। আমরা আশিটি বই প্রকাশ করেছি। এর মধ্যে শেখ হাসিনার ‘শেখ মুজিব আমার পিতা’ বইটিসহ কয়েকটি বই বিপুল সংখ্যক বিক্রি হয়েছে। তিনি বলেন, আমাদের জানা মতে এ পর্যন্ত বঙ্গবন্ধুর ওপর বইয়ের সংখ্যা হবে তেরশ’র বেশি। আর কোন দেশের জাতির পিতা-স্থপতির ওপর এতো বই প্রকাশ পেয়েছে কি না সন্দেহ। সে দিক থেকে আমরা গর্ব করতে পারি বঙ্গবন্ধুকে নিয়ে। প্রতি মাসেই অসংখ্য বই বের হচ্ছে জাতিরপিতাকে নিয়ে। বাংলা একাডেমী ২০১৪ সালে প্রকাশিত একটি বইয়ে বঙ্গবন্ধু বিষয়ক বইয়ের সংখ্যা ১ হাজারের বেশি বলেছে। সেই সময়েই এগারশত প্রকাশ পেয়েছিল। আর গত তিনবছরে বের হয়েছে আড়াইশ’র মতো বই। সংখ্যাটা বর্তমানে তেরশ’র বেশি হবে। সরকারী পৃষ্ঠপোষকতা পেলে বঙ্গবন্ধুর ওপর আরও গুরুত্বপূর্ণ বই প্রকাশ করা যাবে।

mujib+unfinished+france+mbd-f

পারিজাত প্রকাশনীর স্বত্বাধিকারী শওকত হোসেন লিটু জানান, বাঙালি জাতির জন্য এটা সৌভাগ্য যে- বঙ্গবন্ধুর ওপর এতো বই প্রকাশ পেয়েছে। এতো বিপুল সংখ্যক বই হয়তো বিশ্বের অন্য কোন নেতার ওপর প্রকাশ পায়নি। তারা পনেরটি বই বের করেছেন বলে জানান।

কবি হাবীবুল্লাহ সিরাজী সংবাদমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধুর ওপর তেরশত বই প্রকাশের খবরটি নিঃসন্দেহে আনন্দের। এ পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে চীনা, জাপানীজ, ইটালী, জামার্নী ও সুইডিশ ভাষায়ও অসংখ্য বই প্রকাশ পেয়েছে। এই সব বইয়ের মধ্যে যদি পাঁচশত বই’ও উন্নতমানের হয়ে থাকে, তা বাঙালিজাতির জন্য অনন্য সুখবর। কারণ পৃথিবীর আর কোন নেতাকে নিয়ে এতো গ্রন্থ প্রকাশ পায়নি। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 5 26 8888

হারলো পাকিস্তান

ঢাকা, মঙ্গলবার ১২ মে ২০২৬ মাসস টেস্ট ক্রিকেটের মজা বোধহয় এমনই হয়। চার দিন ধরে খেলা …

Leave a Reply

Your email address will not be published.