মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ ডিসেম্বর ২০১৬ । ২২ অগ্রহায়ণ ১৪২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই।
আজ মঙ্গলবার দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মাহবুবুল আলমের মরদেহ গুলশানের ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।
শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর। ১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক।
আইনজীবী স্ত্রী ও শাকিলের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।
গত মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন ছাত্রলীগের একসময়ের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহসভাপতি এই ছাত্রনেতা।
২০১৪ সালের জানুয়ারি নির্বাচনের পর টানা দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশেষ সহকারী হিসেবে সঙ্গে রাখেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে কাজ করলেও শাকিল একজন কবি হিসেবেও পরিচিত ছিলেন। গত দুই বইমেলায় তার ২টি বই প্রকাশিত হয়। প্রকাশিত বই দুটির নাম- ‘খেরোখাতার পাতা থেকে’ এবং ‘মন খারাপের গাড়ি’।
জানা যায়, মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার শেষ পোস্ট ছিল ‘এলা, ভালবাসা, তোমার জন্য’ শিরোনামের একটি কবিতা। তাতে তিনি লেখেন- ‘কোন এক হেমন্ত রাতে অসাধারণ/ সঙ্গম শেষে ক্লান্ত তুমি, পাশ ফিরে শুবে।/ তৃপ্ত সময় অখন্ড যতিবিহীন ঘুম দিবে।/ তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো,/ তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে, মাঝরাতে।/ তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস,/ আরো একবার তোমাদের মোথিত চুম্বন দেখবে বলে।/ মৃতদের কান্নার কোন শব্দ থাকে না,/ থাকতে নেই,/ নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।/ হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি,/ তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে। ভালবাসা, তোমার জন্য।’
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম