Home / অপরাধ / দেশের গাঁজা ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬১ লাখ
25 6 26 7777

দেশের গাঁজা ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬১ লাখ

বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | মাসস

দেশে সবচেয়ে বহুল ব্যবহৃত মাদকের শীর্ষে রয়েছে গাঁজা। প্রায় ৬১ লাখ মানুষ গাঁজা ব্যবহার করেন। এরপর রয়েছে ইয়াবা, যার ব্যবহারকারী প্রায় ২৩ লাখ এবং পরে রয়েছে অ্যালকোহল, যা প্রায় ১৯ লাখ মানুষ সেবন করেন। এছাড়াও রয়েছে কোডিনযুক্ত কাশির সিরাপ, ঘুমের ওষুধ ও হেরোইনের মতো মাদক।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলের ৫০৪ নম্বর কক্ষে ‘বাংলাদেশে মাদক অপব্যবহারকারী ব্যক্তিদের সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট কারণসমূহ’ শীর্ষক জাতীয় পর্যায়ের গবেষণার ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের মধ্যে এ গবেষণা সম্পন্ন হয়। গবেষণায় দেশের ৮টি বিভাগের ১৩টি জেলা ও ২৬টি উপজেলায় তথ্য সংগ্রহ করা হয়।

গবেষণায় দেখা গেছে, ময়মনসিংহ বিভাগে মাদক ব্যবহারের হার সবচেয়ে বেশি (৬ দশমিক শূন্য ২ শতাংশ); এরপর রংপুরে (৬ শতাংশ) ও চট্টগ্রামে (৫ দশমিক ৫০ শতাংশ)। রাজশাহী (২ দশমিক ৭২ শতাংশ) ও খুলনা (৪ দশমিক শূন্য ৮ শতাংশ) বিভাগে তুলনামূলকভাবে হার কম।

গবেষণায় বলা হয়, দেশের মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ মানুষ অবৈধ মাদক ব্যবহার করেন, সংখ্যায় যার পরিমাণ প্রায় ৮২ লাখ।

সংখ্যার বিচারে সবচেয়ে বেশি মাদক ব্যবহারকারীর বাস ঢাকা বিভাগে—প্রায় ২২ দশমিক ৯ লাখ। এরপর চট্টগ্রাম বিভাগে প্রায় ১৮ দশমিক ৮ লাখ এবং রংপুর বিভাগে প্রায় ১০ দশমিক ৮ লাখ মাদক ব্যবহারকারী আছেন।

গবেষণায় আরও উঠে এসেছে, ব্যবহারকারীদের বড় অংশ খুব অল্প বয়সে মাদকের সঙ্গে যুক্ত হচ্ছে। প্রায় ৩৩ শতাংশ ব্যবহারকারী ৮ থেকে ১৭ বছর বয়সেই প্রথম মাদক গ্রহণ শুরু করেছেন। আর ৫৯ শতাংশের শুরু ১৮ থেকে ২৫ বছর বয়সে।

গবেষণায় মাদক সহজলভ্যতাকে আসক্তির মুল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া বেকারত্ব, বন্ধুমহলের প্রভাব, আর্থিক অনিশ্চয়তা, পারিবারিক অস্থিরতা, মানসিক চাপ ও অনানুষ্ঠানিক পেশা ইত্যাদিকে মাদক ব্যবহারের মূল ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

23 6 26 11111

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬৭৬ শিক্ষকের মধ্যে ৬৬২ জনই অ’বৈধ

ঢাকা, মঙ্গলবার ২৩ জুন ২০২৬ মাসস রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে পূর্বের এডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি …