Home / এই দিন / ড. কাজী মোতাহার হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে স্মরণসভা
dr+kazi+motahar+hossain+deth+univrsri+mbd-2

ড. কাজী মোতাহার হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে স্মরণসভা

মাস্টারি বিডি ডটকম
রাজবাড়ী । ৯ অক্টোবর ২০১৭ । ২৪ আশ্বিন ১৪২৪

প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞানী ও সাহিত্যিক ড. কাজী মোতাহার হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৯ অক্টোবর)। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজনে করেছে।

আজ সকালে রাজবাড়ীর হাবাসপুর ড. কাজী মোতাহার হোসেন কলেজ প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী। পাংশা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় মূল আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বাংলা বিভাগের প্রভাষক ড. আবুল আহসান চৌধুরী ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক মুহাম্মদ আব্দুল ওয়াহাব।

জ্ঞানতাপস মোতাহার হোসেন বিচিত্র ও বহুমুখী প্রতিভার এক অনন্য মানুষ ছিলেন। বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সংগীত, দাবা খেলা, বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা প্রভৃতি ক্ষেত্রে তিনি অসাধারণ ভূমিকা রাখেন।

ড. কাজী মোতাহার হোসেন ১৮৯৭ সালের ৩০ জুলাই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা গ্রামে। তাঁর বাবার নাম কাজী গওহর উদ্দিন এবং মায়ের নাম তসিরুন্নেচ্ছা। তাঁর শৈশব কেটেছে ফরিদপুরে।

মুক্তবুদ্ধি আন্দোলনের অগ্রপথিক, দাবাগুরু কাজী মোতাহার হোসেনের লেখা বইগুলোর মধ্যে সঞ্চয়ন (১৯৩৭ – প্রবন্ধ সংকলন), নজরুল কাব্য পরিচিতি (১৯৫৫), সেই পথ লক্ষ্য করে (১৯৫৮), সিম্পোজিয়াম (১৯৬৫), গণিত শাস্ত্রের ইতিহাস (১৯৭০), আলোক বিজ্ঞান (১৯৭৪), নির্বাচিত প্রবন্ধ (১৯৭৬), প্লেটোর সিম্পোজিয়াম (অনুবাদ-১৯৬৫) অন্যতম। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবা খেলোয়াড় হিসেবে স্বীকৃত। বাংলাদেশে দাবা খেলার পথিকৃৎ হিসেবে তাকে সম্মানিত করা হয়।

বাংলাদেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানচর্চার ক্ষেত্রে প্রভূত অবদান রাখা সর্বজনশ্রদ্ধেয় এই মনীষী ৮৫ বছর বয়সে ১৯৮১ সালের ৯ অক্টোবর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 11

অবশেষে কারাগার মুক্ত হলেন আইভী

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের …

Leave a Reply

Your email address will not be published.