মাস্টারি বিডি ডটকম
আগারগাঁও। ২ জুলাই ২০১৭ । ১৮ আষাঢ় ১৪২৪
বাংলাদেশের জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমের প্রশংসা করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা বলেছেন, এফবিআই থেকেও ভালো কাজ করছে বাংলাদেশ। সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ সুবীর ভৌমিক স্টেট ডিপার্টমেন্টের কাউন্টার টেররিজম কর্মকর্তা মাইকেল ডাফির বরাতে শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন। ডাফি কলকাতায় এক সাক্ষাতে সুবীর ভৌমিককে জানান, ‘দে আর ডুইং অ্যা বেটার জব দেন এফবিআই।’ এই সাক্ষাৎকারে ডাফি তার বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সুবীর ভোমিককে এ কথা বলেন।
সুবীর ভৌমিক বলেন, জঙ্গিবাদ এককভাবে বাংলাদেশের সমস্যা নয়। বরং এটি বাঙ্গালির সমস্যা, সামষ্টিকভাবে দেখলে এটি দক্ষিণ এশিয়ার সমস্যা। তিনি বলেন, বাংলাদেশে মনির ভাই (কাউন্টার টেররিজম বিভাগের প্রধান মনিরুল ইসলাম) এবং তার দল যেভাবে জঙ্গিদের টপ গান ম্যানদের নিউট্রলাইজ করছে, তা নিশ্চিতভাবে প্রশংসার যোগ্য। আমরা তো বাংলাদেশের বন্ধু, প্রশংসা করবই। কিন্তু সাহেবরাও (যুক্তরাষ্ট্রর উচ্চ পর্যায়ের কর্মকর্তা) বাংলাদেশের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের প্রশংসা করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে মনির ভাইরা (সন্ত্রাসী কার্যক্রমের) মাজা ভেঙ্গে দিচ্ছে। বাংলাদেশের অনেক সমস্যা আছে, ট্র্যাকিং ডিভাইস, টেকনোলজি। অনেক কিছু না থাকার পরেও রুটিন পুলিশিং করে যে একটা লিড পাচ্ছে তা ধরে খুব তৎপরতারে সঙ্গে চেইজ করছে (জঙ্গিদের) এবং চেইজ করার পরে একটার পর একটা টপ গানদের যেভাবে নিউট্রালাইজ করতে পেরেছে মনির ভাইরা, সানোয়ার ভাইরা, এটার প্রশংসা শুধু আমরা নয়, সাহেবরাও আজ বলছে দেয়ার ডুইং এ বেটার জব দেন এফবিআই। এই ব্যাপারে কোন সন্দেহ নেই।
সূত্র : বাসস