মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ এপ্রিল ২০১৭ । ০৫ বৈশাখ ১৪২৪
কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডের শ্রী অরবিন্দ ভবনে সোমবার পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে ৮ নম্বর থিয়েটার রোডের ওই ভবনের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। পরে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। আর সেদিনের ওই সরকারের অস্থায়ী কার্যালয় ছিল কলকাতার ঐতিহাসিক থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটিতে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এই বাড়িটি ভারতের কেন্দ্রীয় সরকার তুলে দেয় শ্রী অরবিন্দ আশ্রমকে। ১৯৭৩ সালের ১৬ ফেব্রুয়ারি এই ভবনটির যাত্রা শুরু হয় শ্রী অরবিন্দ ভবন হিসেবে।
আলোচনা সভায় তৎকালীন অস্থায়ী বাংলাদেশ সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা করেন কলকাতা দূরদর্শনের সাবেক বার্তা সম্পাদক ভবেশ দাস ও প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত।
বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ভারতের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল শংকর রায় চৌধুরী।
আলোচনা সভা শেষে কলকাতার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীরা গণসংগীত পরিবেশন করেন।-সংগৃহীত
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম