Home / জাতীয় / ‘অপরাজেয় বাংলা’র নির্মাতা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ্ খালিদ স্মরণ
syed+abdullah+khalid+mbd

‘অপরাজেয় বাংলা’র নির্মাতা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ্ খালিদ স্মরণ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৯ জুন ২০১৭ । ২৬ জৈষ্ঠ্য ১৪২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্থাপিত মুক্তিযুদ্ধের অমর ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র নির্মাতা ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী-ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ্ খালিদ স্মরণে আজ শুক্রবার এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়া কক্ষে খ্যাতিমান এ শিল্পীর স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ চারুশিল্পী সংসদ।

বিশিষ্ট চিত্রশিল্পী আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রয়াত ভাস্কর খালিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, স্থপতি রবিউল হুসাইন, ভাস্কর মজিবুর রহমান, সাংবাদিক সালেহ চৌধুরী ও প্রয়াতের পরিবারের সদস্য সৈয়দ আহমদ মুর্তজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন বাংলাদেশ চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। শিল্পী-ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ্ খালিদের জীবন বৃত্তান্ত পাঠ করে শোনান বাংলাদেশ চারুশিল্পী সংসদের প্রকাশনা সম্পাদক শিল্পী জাহিদ মুস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী।

সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অপরাজেয় বাংলা আমাদের সংগ্রামের প্রতীক। এর চেতনাকে ধারণ করে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে।
সাংবাদিক সালেহ চৌধুরী বলেন, শিল্পী সৈয়দ আব্দুল্লাহ্ খালিদ এ দেশে ভাস্কর্য শিল্পের বিকাশকে অগ্রসর করে গেছেন।

syed+abdullah+khalid+mbd-2

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, সাম্প্রদায়িক বাধা তখন এসেছিল, আমরা তা প্রতিহত করতে পেরেছিলাম। আজও মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

মনিরুজ্জামান বলেন, শিল্পীর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে।
স্মরণ সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের শোক বার্তা পড়ে শোনানো হয়। তিনি অমর শিল্পী-ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ্ খালিদের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শিল্পী সুরাইয়া পারভীন নিবেদন করেন রবীন্দ্রনাথের গান ‘শুধু তোমার বাণী নয় গো/ হে বন্ধু হে প্রিয়’।

স্মরণ সভার শেষে সাইফুল ওয়াদুদ হেলাল নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ অপরাজেয় বাংলা’ প্রদর্শিত হয়।

উল্লেখ্য, গত ২১ মে শিল্পী ও ভাস্কর খালিদ প্রয়াত হয়েছেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.