Home / জাতীয় / বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য
15 8 2

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

১৫ আগস্ট ২০২৬ | মাসস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আনতে তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

নতুন মনোনীত চার নেতা হলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃবৃন্দ তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন। আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন। ফরহাদ হালিমও একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন।

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। এরপর কমিটির কয়েকটি পদ সদস্যদের মৃত্যু ও পদত্যাগসহ বিভিন্ন কারণে শূন্য হয়ে যায়। দলটি বিভিন্ন সময়ে এসব শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে। এবার একসঙ্গে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে নেওয়া হলো।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

11 8 2026 222 9

প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি ও ভোটগ্রহণের পদ্ধতি …