মাস্টারি বিডি | শান্তা ইসলাম
জাতীয় | ঢাকা | ১৬ জুলাই ২০১৯ | ০১ শ্রাবণ ১৪২৬

রংপুরে এরশাদের বাড়ি পল্লীনিবাসের লিচু বাগানেই শেষ ঠিকানা হলো এরশাদের। মঙ্গলবার দুপুরে রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে জানাজা শেষে এরশাদের কফিন আর ঢাকায় ফিরিয়ে না এনে নিয়ে যাওয়া হয় এরশাদের বাড়ি পল্লীনিবাসে। সেখানে লিচুবাগানে বাবার কবরের পাশেই শায়িত হলেন সাবেক সামরিক শাসক এরশাদ।
জাতীয় পার্টির প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, “রংপুরের গণমানুষের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতাবোধে শ্রদ্ধা জানিয়ে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরেই দাফন করতে অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ এমপি। হুসেইন মুহম্মদ এরশাদের কবরের পাশে বেগম রওশন এরশাদের জন্য কবরের জন্য জায়গা রাখতেও অনুরোধ জানিয়েছেন তিনি।”

রোববার সকালে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় এরশাদের মৃত্যুর পর থেকেই তাকে ঢাকায় দাফন করার পরিকল্পনার কথা বলে আসছিলেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা। সে অনুযায়ীই সব প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু রংপুরের মেয়র ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা ঘোষণা দেন, এরশাদের মরদেহ জানাজার জন্য রংপুরে আনা হলে তারা আর ঢাকায় ফিরতে দেবেন না।
তিনি যুক্তি দেন, বনানীর সেনা কবরস্থানে এরশাদকে দাফন করা হলে পরে দলের সাধারণ নেতাকর্মীরা সহজে সেখানে যেতে পারবেন না, শ্রদ্ধা নিবেদন করতে পারবেন না।এরশাদ নিজেই রংপুরে শায়িত হতে চেয়েছিলেন- এমন দাবি করে সোমবারই পল্লী নিবাসের পাশে লিচুবাগানে কবর খুঁড়ে রাখেন রংপুরের নেতাকর্মীরা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম