Home / জাতীয় / যশোরের ভৈরব নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
noukabaichmbd

যশোরের ভৈরব নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

মাস্টারি বিডি ডটকম
যশোর । ০৬ নভেম্বর ২০১৬ । ২২ কার্তিক ১৪২৩

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো যশোরের নওয়াপাড়ার ভৈরব নদে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

শুক্রবার বিকেল ৩ টায় নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ও এস এ এফ ইন্ডাষ্ট্রিজের সহযোগিতায় ৮ম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় খুলনা, নড়াইল ও যশোর অঞ্চলের মোট ৯টি নৌকা অংশগ্রহণ করে। সারি গান, ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টা বাজানোর ঝংকার এবং হেইয়্যা হেইয়্যা হর্ষধ্বনি নৌকা বাইচ দেখতে আসা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজক নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাস জানান, বৈরি আবহাওয়া উপেক্ষা করে খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ বিশেষ করে নারী ও শিশুরা এ নৌকা বাইচ দেখতে ভৈরব নদের দু’পাড়ে ভিড় জমান।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে খুলনার কয়রা উপজেলার গোলাম রব্বানীর নৌকা ‘সুন্দরবন টাইগার’ দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকার করে যথাক্রমে তেরখাদার দিদার মোল্যার ‘ভাই ভাই জলপরী’ এবং মাহবুবুর রহমানের ‘আল্লাহ ভরসা’ নামের নৌকা।

যশোরর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মিয়া, সহকারি পুলিশ সুপার ইমরান সিদ্দিকী, পৌরসভার সাবেক মেয়র সরদার ওলিয়ার রহমান, রবিউল ইসলাম, নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, নৌকা বাইচ আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল, এস এ এফ ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ মমিন উদ্দিন।

প্রসঙ্গত, নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিল্পশহর নওয়াপাড়া সেজেছিল বর্ণিল সাজে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.