মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩১ ডিসেম্বর ২০১৬ । ১৭ পৌষ ১৪২৩
ডট বাংলা (.বাংলা) ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এ ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন। এখন থেকে ডট বাংলা ডোমেইনটির সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো।
উদ্বোধন কালে প্রধানমন্ত্রী বলেছেন, ডটবাংলা বাংলাদেশের বিজয়। দেশের সব মানুষের বিজয়। মুক্তিযুদ্ধে, ভাষা আন্দোলনে শহীদদের বিজয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডটবাংলা ডোমেইন গড়ে তুলতে যারা পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, ডটবাংলা ডোমেইনের মাধ্যমে সেই স্বপ্ন আরেক ধাপ এগিয়ে গেল।
গত ৪ অক্টোবর এই সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিএএনএন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে পত্র পাঠিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং সিয়েরালিয়ন ডট বাংলা ডোমেইনের জন্য আবেদন করেছে।
এর আগে আইসিএএনএন ডট বিডি অথবা বিডি হিসেবে বাংলাদেশের জন্য অপর একটি ডোমেইন বরাদ্দ দেয়। এখন থেকে বাংলা বাংলাদেশের নিজস্ব ইউনিকোড ডোমেইন লেভেল। বাংলা ওয়েব সাইটের জন্য এটা দ্বিতীয় শীর্ষ পযার্য়ের কান্ট্রি ডোমেইন (টিএলডি)।
ডটবাংলা চালুর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাইবার পরিসরে বাংলা ভাষার ব্যবহার হবে। মানুষ বাংলাদেশকে এখন আরো ভালো করে চিনবে, জানবে বাংলা ভাষা সম্পর্কে। এখন ভার্চুয়াল জগতেও বাংলা ভাষার আধিপত্য বাড়বে।
বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ডটবাংলা ডোমেইন পেতে গ্রাহককে যেতে হবে বিটিসিএলের ওয়েবসাইটে (www.btcl.com.bd) বা এর কার্যালয়ে। ওয়েবসাইটে সহজেই অনলাইন রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে ডটবাংলা পাওয়া যাবে। এতে ডোমেইন রেজিস্ট্রেশনের নিয়ম ও শর্ত দেয়া রয়েছে। এ ছাড়া কল সেন্টার নম্বর ১৬৪০২-এ কল করে সাহায্য নেয়া যাবে।
বিটিসিএল সূত্রে জানা যায়, বিডির নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৩৬ হাজার ৫শ’তে পৌঁছেছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম