
…এরইমধ্যে ‘গহীন বালুচর’ ছবিটির ট্রেইলার ও গান মুক্তি পেয়েছে ইউটিউবে। আর তা দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। খেলার জন্য তিনি এখন দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। আর সেখান থেকেই এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “অল দ্য বেস্ট টু ‘গহীন বালুচর’ মুভি। যাঁরা এই মুভিতে কাজ করেছেন সবাইকে জানাই শুভেচ্ছা। ট্রেইলার দেখেছি। আমার বিশ্বাস খুবই ভালো একটা মুভি হবে। আমি এক্সাইটেড এবং আমি শিওর আপনারাও হলে গিয়ে মুভিটা দেখবেন।”…
মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ১৫ অক্টোবর ২০১৭ । ৩০ আশ্বিন ১৪২৪
মাঝনদীতে নৌকায় ভেসে আছে এক প্রেমি জুটি। ঘন প্রেমে নিবিষ্ট একজোড়া কপোত-কপোতী। প্রেমাবেশে অসীমের পানে ভেসে যাচ্ছে যেন দুই তরুণ-তরুণী। সুদূরবিস্তারি নদীর মৃদু ঢেউ সূর্যের আলোকরশ্মিতে অদ্ভুত সুন্দর নিসর্গের সৃষ্টি করেছে…। এরকম অজস্র মোহজাগানিয়া ফটোফ্রেম রয়েছে ‘গহীন বালুচর’ চলচ্চিত্রে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বরিশালের নদী, চর ও পদ্মা নদীর মনোরম লোকেশনে চিত্রায়িত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মূল উপজীব্য হচ্ছে প্রেম।

ছবিটির নির্মাণে শুদ্ধতার প্রয়াস রয়েছে- রয়েছে মুন্সিয়ানা। আর এ কথা বলা যায় এ কারণে যে, কোনরকম কাটছাট ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি।
ছোটপর্দায় বেশকিছু ভাল কাজ উপহার দিয়ে এরইমধ্যে দর্শকমন জয় করে নিয়েছেন নির্মাতা বদরুল আনাম সৌদ। তবে বড় পর্দায় তার অভিষেক ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমেই।
প্রথম চলচ্চিত্র নিয়ে আশাবাদ ব্যক্ত করে পরিচালক সৌদ বলেছেন- দর্শকের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বেশি দরকার ভালো বিপণনের।
তিনি বলেন, এ সময়ের চলচ্চিত্রকাররা অনেক ভালো গল্প বলছেন। তবে, প্রযোজক ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর সিনেমা পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসা খুবই প্রয়োজন।

বদরুল আনাম সৌদ বলেন, ‘গহীন বালুচর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটছে তানভীর ও মুনের।’
‘প্রেমের গল্প হলেও ছবিটির প্রেক্ষাপট একটি চরকে ঘিরে। আর তাই ছবিটির চিত্রায়ণে নদী ও চরকেই বেছে নিয়েছি। দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ এরকম অভিব্যক্তি প্রকাশ করেছেন পরিচালক সৌদ।
সৌদ বলেন, ‘ভাবতে ভালো লাগছে, ছবিটি বিনা কর্তনে ছাড় পেয়েছে।’
‘গহীন বালুচর’ ছবিটি দর্শক যদি ভালোভাবে গ্রহণ করে তবে চলচ্চিত্র পরিচালনায় নিয়মিত হতে চান বদরুল আনাম সৌদ।
এরইমধ্যে ‘গহীন বালুচর’ ছবিটির ট্রেইলার ও গান মুক্তি পেয়েছে ইউটিউবে। আর তা দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। খেলার জন্য তিনি এখন দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। আর সেখান থেকেই এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “অল দ্য বেস্ট টু ‘গহীন বালুচর’ মুভি। যাঁরা এই মুভিতে কাজ করেছেন সবাইকে জানাই শুভেচ্ছা। ট্রেইলার দেখেছি। আমার বিশ্বাস খুবই ভালো একটা মুভি হবে। আমি এক্সাইটেড এবং আমি শিওর আপনারাও হলে গিয়ে মুভিটা দেখবেন।” সাকিবের এমন শুভেচ্ছাবার্তা পেয়ে অসম্ভব খুশি হয়ে নির্মাতা সৌদ বলেছেন, ‘সাকিবকেও আমাদের টিমের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা আপকামিং ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য।’

‘গহীন বালুচর’ ছবির প্রথম গানটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নি। গানের শিরোনাম ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’। গানটির গীতিকার সৌদ নিজেই এবং সুর ও সংগীত করেছেন ইমন সাহা। আর রোমান্টিক ঘরানার এ গানটি শুনে ভূয়সি প্রশংসা করেছেন দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে লিংক শেয়ার করে শুভ কামনা জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী। তিনি বলেন, ‘সৌদের কাজ মানেই দারুণ কিছু। অপেক্ষায় আছি ছবিটির জন্য।’
রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় ‘গহীন বালুচর’ ছবিটির গানের অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন- বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, লিজা, সাব্বির, ঐশী প্রমুখ। প্রকাশনা অনুষ্ঠানে শিল্পীরা প্রত্যেকে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন- ছবির পরিচালক বদরুল আনাম সৌদ, অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, মুন ও নীলা। অনুষ্ঠানে ছবির শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন তৌকীর আহমেদ, অনিমেষ আইচ, ভাবনা প্রমুখ।

গতবছর মহরত হয় ‘গহীন বালুচর’ ছবিটির। আর তারপর থেকেই চলছে ছবিটি দেখার অপেক্ষা। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ছবিটি মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর।
চরকেন্দ্রীক ও ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গহীন বালুচর’। আর এই তিন চরিত্রে অভিনয় করেছেন প্রতিশ্রুতিশীল তিনটি নতুন মুখ- নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভীর ও জান্নাতুন নূর মুন।
এই চলচ্চিত্রের প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন দর্শকনন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

আরো অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, বন্যা মির্জা, রুনা খান, জিতু আহসান ও শাহাদাৎ হোসেন।
চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌদ নিজেই।
সাতকাহন ও ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনালের প্রযোজনায় ছবিটির পরিবেশনায় জাজ মাল্টিমিডিয়া।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম