Home / বিনোদন / আজীবন সম্মাননা পেলেন খুরশীদ আলম
ok-3

আজীবন সম্মাননা পেলেন খুরশীদ আলম

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৮ অক্টোবর ২০১৭ । ২৩শে আশ্বিন ১৪২৪

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৭’-এ আজীবন সম্মাননা পেলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশীদ আলম।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এর ১২তম আসরে এই বরেণ্য শিল্পীর হাতে সম্মাননা স্মারক, পত্র ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন দেশের প্রবাদপ্রতীম কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান। সম্মাননা পত্র তুলে দেন সৈয়দ আবদুল হাদী। অর্থমূল্য এক লাখ টাকার চেক তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজ লিমিটেডের ডিরেক্টর খুরশিদ ইরফান চৌধুরী। এর আগে উত্তরীয় পরিয়ে শিল্পীকে বরণ করে নেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক মুকিত মজুমদার বাবু।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে কণ্ঠশিল্পী খুরশীদ আলম বলেন, ‘জীবদ্দশায় এ সম্মাননা পেয়ে নিজেকে খুবই গর্বিত মনে করছি।’

স্বাগত বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘গত ১১টি আসর ধরে দেশের সঙ্গীতাঙ্গনে গুণীদের সম্মাননা দিয়ে আসছে চ্যানেল আই। গুণীদের সম্মাননা দিয়ে আমরা নিজেরাও সম্মানিত। এই মিউজিক অ্যাওয়ার্ড এখন বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সঙ্গীত বিষয়ক সবচেয়ে বড় আয়োজন। ভবিষ্যতে এর ধারা অব্যাহত থাকবে।’

খুরশীদ ইরফান চৌধুরী বলেন, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এর সঙ্গে সম্পৃক্ত হতে পেরে তিনি ও তার প্রতিষ্ঠান গর্বিত।

অনুষ্ঠানের সূচনা হয় সানী জুবায়েরের সঙ্গীত পরিচালনায় বর্ষাবিষয়ক কয়েকটি রাগের ওপর নির্মিত নৃত্যশিল্পী তুষার ও তার দলের কোরিওগ্রাফির মধ্য দিয়ে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ঘিরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র দেশের সঙ্গীতসহ বিভিন্ন অঙ্গনের তারকাদের মিলনমেলায় পরিণত হয়।

এ বছর প্রথমবারের মতো বিশেষ সম্মাননা দেওয়া হয় কণ্ঠশিল্পী শাম্মী আখতারকে। অসুস্থতাজনিত কারণে তিনি আসতে পারেননি। তার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও অর্থমূল্য ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন তার স্বামী আকরামুল ইসলাম ও তার মেয়ে। এ ছাড়া দেশের চার গুণী সঙ্গীত পরিচালককেও সম্মাননা দেওয়া হয়। তারা হলেন— আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, আলম খান ও আলী হোসেন। পরে তারা তাদের সেরা গানের কয়েকটি লাইন স্বকণ্ঠে পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত জগত থেকে যারা হারিয়ে গেছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সঙ্গীতে ১৩টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার ও পাঁচটি ক্যাটাগরিতে পপুলার চয়েস পুরস্কারসহ মোট ১৮টি পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পেলেন যারা (ক্রিটিক): রবীন্দ্র সঙ্গীতে অণিমা রায় (মাতৃভূমি), নজরুল সঙ্গীতে নাশিদ কামাল (গানে গানে নজরুলের জীবনী), লোক সঙ্গীত-শফি মণ্ডল (অধরা), শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল (তুই আমার মন ভালোরে-মুন এর গান), শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক শফিক তুহিন (চুপকথা রূপকথা, গান-নীল সামিয়ানা), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও তানীম রহমান অংশুক (অ্যালবাম ও গান-ঝুম), শ্রেষ্ঠ কাভার ডিজাইন নাহিদ (নকশী কাঁথার গান), শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার পাভেল আরীন (খেয়াল পোকা), শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ-ঠুমরী) পিয়াংকা গোপ, শ্রেষ্ঠ আধুনিক গান-ফাহমিদা নবী (অ্যালবাম সাদা কালো, গান-অন্ধকার), সেরা ব্যান্ড- পার্থিব (স্বাগত বাংলাদেশ), নবাগত শিল্পী মেহেদী হাসান (অ্যালবাম-আয়না ফিরে, গান-ইচ্ছেগুলো রাজি) ও ছায়াছবির গান- জেমস (গান-বিধাতা, ছায়াছবি সুইটহার্ট)।

পপুলার চয়েস: আধুনিক গান-কুমার বিশ্বজিৎ (অ্যালবাম-স্বপ্ন সমুদ্দুর, গান-কখনও তো বলিনি), নবাগত শিল্পী শাহিন খান (আনকোরা), সেরা ব্যান্ড অবসকিউর (ক্র্যাক প্লাটুন), ছায়াছবির গান- ইমরান (ছায়াছবি-মুসাফির, গান-আলতো ছোঁয়াতে) এবং মিউজিক ভিডিও-রোম্য খান (অ্যালবাম-মেঘেরা, গান- মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে)।

অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন— চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক আবদুর রশীদ মজুমদার, মুকিত মজুমদার বাবু, জহির উদ্দিন মাহমুদ মামুন, ফরিদা পারভীন, খায়রুল আনাম শাকিল, ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সুবীর নন্দী, সামিনা চৌধুরী ও মিতালী মুখার্জী।

অ্যাওয়ার্ড প্রদানের ফাঁকে ফাঁকে সঙ্গীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, মমতাজ ও শফি মণ্ডল। বিশেষ আকর্ষণ ছিল নগর বাউল জেমসের গান। ছিল চিত্রনায়িকা পূর্ণিমা ও চ্যানেল আইয়ের সেরা কণ্ঠের ইমরানের দ্বৈত সঙ্গীত পরিবেশনা। ৩০ জন সহশিল্পীকে নিয়ে ছিল অপু বিশ্বাসের বিশেষ পরিবেশনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনায় ছিলেন ইজাজ খান স্বপন। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আগামী ৬ অক্টোবর চ্যানেল আইতে প্রচার করা হবে।

সূত্র : সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 3 26 7

দুদক চেয়ারম্যান এবং দুই কমিশনারের পদত্যাগ

ঢাকা, মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬ মাসস নির্বাচিত নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে …

Leave a Reply

Your email address will not be published.