Home / আইন-আদালত / ‘রায় পুনর্বিবেচনার আবেদনের জন্য সরকার তৈরি হচ্ছে’
anisul+haque+law+minister+mbd

‘রায় পুনর্বিবেচনার আবেদনের জন্য সরকার তৈরি হচ্ছে’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ আগস্ট ২০১৭ । ০৩ ভাদ্র ১৪২৪

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপির জন্য দরখাস্ত করা হয়েছে উল্লেখ করে বলেছেন, রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের জন্য সরকার তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপির জন্য দরখাস্ত করা হয়েছে।

রায়টি আরো পরীক্ষা করা হচ্ছে। আরো পড়ে দেখা হচ্ছে। অর্থাৎ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের জন্য সরকার তৈরি হচ্ছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আজ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের ১৫৪ জন অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুর মাঝে খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রায়ের মধ্যে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং আপত্তিকর যে কথাগুলো উঠে এসেছে, সেগুলো সম্পর্কে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত কেউ উগ্র কোন প্রতিক্রিয়া না দেখায় বা প্রতিক্রিয়ার কোনো ভাষায় আদালত অবমাননা না হয় ততক্ষণ পর্যন্ত এসব ব্যাপারে প্রতিক্রিয়া দেখানো অন্যায় নয়। তিনি বলেন, সরকার রায়ের সঙ্গে হয়তো একমত পোষণ করে না কিন্তু রায়কে শ্রদ্ধা করে।

এখন অনেকেই বলছেন তদন্তের ত্রুটির কারণে বঙ্গবন্ধু হত্যায় জড়িত রাঘব বোয়ালরা ছুটে গেছে- উল্লেখ করে আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা কিন্তু ১৯৭৫ সালে বা আশির দশকে কিংবা নব্বয়ের দশকের প্রথম দিকে শুরু হয় নাই। একুশ বছর পর ১৯৯৬ সালে এ মামলা শুরু হয়েছিল।

তিনি বলেন, ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারাই বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাথে সম্পৃক্ত এবং তারাই এই হত্যাকান্ডে জড়িতদের এভিডেন্স লুকানোর এবং সরানোর কাজটা করেছেন। সুতরাং ২১ বছর পর যে তদন্ত হয়েছে তা বাস্তবভিত্তিক ছিল।

এ সময় আইন সচিব আবু সালেহ্ শেখ মো. জহিরুল হক, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নান, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.