Home / জাতীয় / অক্টোবর ও নভেম্বরে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরে প্রাথমিক প্রস্তুতি শুরু
29 8 26 111

অক্টোবর ও নভেম্বরে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরে প্রাথমিক প্রস্তুতি শুরু

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস

আগামী অক্টোবর ও নভেম্বর মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সামনে রেখে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যে জাপান ও সৌদি আরবে তিনি দ্বিপক্ষীয় সফরে যাবেন। আর তুরস্কে তিনি জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন। তিনটি সফর আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তাদের পর্যায়ে যোগাযোগ ও আলোচনা চলছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই সফরপর্ব শুরু হওয়ার কথা রয়েছে। এরপর নভেম্বরের প্রথম দিকে তুরস্ক এবং নভেম্বরের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। টোকিও, রিয়াদ ও আঙ্কারার কূটনৈতিক সূত্রগুলো এসব সফরের প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ চলার কথা জানিয়েছে।

ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফরে যাওয়ার কথা রয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহে তিন থেকে চার দিনের এই সফর আয়োজনের বিষয়ে সম্প্রতি ঢাকায় দু’দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। দু’দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রক্রিয়া অব্যাহত থাকার সময়েই প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে।

প্রধানমন্ত্রীর জাপান সফরে দু’দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। বিশেষ করে বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়ীদের সম্মেলন আয়োজন এবং জনশক্তি রপ্তানির অগ্রগতি পর্যালোচনা সফরের আলোচনায় প্রাধান্য পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এর আগে ২০২৫ সালের মে মাসে তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের টোকিও সফরের সময় বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছিল। একই সময়ে আগামী পাঁচ বছরে জাপানে এক লাখ দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়। ওই সফরে বাংলাদেশ ও জাপান তাদের কৌশলগত অংশীদারত্বও পুনর্নিশ্চিত করেছিল।

এ ছাড়া জাপান বে অব বেঙ্গল উদ্যোগের আওতায় বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন এবং জাপানি শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারের কথা জানিয়েছিল। ফলে প্রধানমন্ত্রীর আসন্ন টোকিও সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানিসহ আগের বিভিন্ন উদ্যোগের অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাপান সফরের পর নভেম্বরের প্রথম দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরের প্রস্তুতি চলছে। আঙ্কারা থেকে পাওয়া কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বনেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে ১১ ও ১২ নভেম্বর। ওই বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন বলে প্রাথমিকভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে।

এবার কপ-৩১ সম্মেলনে আলোচনার প্রথম দু’দিনের পরিবর্তে তৃতীয় ও চতুর্থ দিনে বিশ্বনেতাদের সম্মেলন রাখা হয়েছে। এর মাধ্যমে সম্মেলনে রাজনৈতিক মনোযোগ ধরে রাখার একটি কৌশল নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য কপ-৩১ সম্মেলনটি গুরুত্বপূর্ণ। প্যারিস চুক্তির এক দশকেরও বেশি সময় পর জলবায়ু ইস্যুতে আলোচনার মূল প্রশ্ন এখন নতুন লক্ষ্য নির্ধারণের পরিবর্তে আগে ঘোষিত লক্ষ্যগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, জলবায়ু অর্থায়ন কতটা কার্যকর হবে এবং ক্ষতিপূরণ তহবিল কতটা কার্যকরভাবে কাজে লাগানো যাবে এসব বিষয়কে ঘিরে রয়েছে।

তুরস্ক সফরের পর নভেম্বরের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে এই সফরের পরিকল্পনা করা হচ্ছে। তুরস্ক সফরের পরই রিয়াদ সফর আয়োজনের বিষয়ে বাংলাদেশ ও সৌদি আরবের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ঐতিহ্যগত জনশক্তি রপ্তানির ক্ষেত্রের বাইরে আরও বিস্তৃত করার আগ্রহ দেখিয়েছে। গত আগস্টে ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

23 9 26 11 222222

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ্য উপদেষ্টা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ । মাসস দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারি ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় …