Home / উদ্যোগ / নীলফামারীতে সুস্থ ধারার যাত্রা শিল্পে জাগরণ
ফাইল ছবি
ফাইল ছবি

নীলফামারীতে সুস্থ ধারার যাত্রা শিল্পে জাগরণ

মাস্টারি বিডি ডটকম ।
নীলফামারী । ০৩ জানুয়ারি ২০১৮ । ২০ পৌষ ১৪২৪

নীলফামারী জেলায় সুস্থ যাত্রা শিল্পের বিকাশে কাজ শুরু করেছে জেলা যাত্রা ফেডারেশন। অশ্লীলতা পরিহার করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে জেলার প্রবীণ ও নবীন শিল্পীদের একজোট করে সংগঠনটি নেমেছে মাঠে। জেলার বিভিন্ন স্থানে তারা আয়োজন করছেন সবার উপভোগের জন্য সুস্থ ধারার যাত্রা অভিনয়। তাদের এমন উদ্যোগ এলাকায় দর্শক শ্রোতাদের মধ্যে সাড়া জাগিয়েছে।

শিল্পীরা বলছেন, শোষণ-জুলুম, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে অভিনয় একটি বিপ্লব। সমাজে ন্যায় প্রতিষ্ঠায় অভিনয় একটি মাধ্যম। যাত্রা এবং নাটকের সুস্থ প্রদর্শনীর মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার এটি একটি প্রচেষ্টা আমাদের।

jatra+nilphamari+mbd-1

সম্প্রতি জেলা সদরের খোকসাবাড়ি ইউনিয়নের বোর্ডের হাট নামক স্থানে ছয় দিনব্যাপী অনুষ্ঠিত যাত্রা মঞ্চে ভিড় জমেছিল বিভিন্ন বয়সের দর্শক-শ্রোতার। প্রতিদিন অন্তত পাঁচ সহস্রাধিক দর্শক শ্রোতা উপভোগ করেছেন যাত্রাভিনয়।

যাত্রাভিনয় উপভোগের পর ওই ইউনিয়নের রামকলা গ্রামের অনাথ চন্দ্র রায় (৫৫) বলেন, ‘আগোত শীত আসলে গ্রামোত মেলা হইতো, যাত্রা হইতো। রাইতোত বাবা-মার হাত ধরি যাত্রা শুনির গেছিনো। তারপর এমন দিন আসিল, যাত্রা শুনির খারাপ মাইনষি ছাড়া কাহো যায় না। মেলা দিন পর হামেরা আগের মতন যাত্রা দেখির পারিনো।’

খোকসাবাড়ি গ্রামের অপর দর্শক এমদাদুল হক (৪০) বলেন, ‘এলাকায় এখন আর আগের মতো যাত্রার আয়োজন হয় না। যেটুকু হয় তাতে অশ্লীলতার জন্য সেখানে যাওয়া যায় না। এবারে অশ্লীলতা মুক্ত যাত্রাপালা উপভোগ করে মন ভরে উঠেছে।

jatra+nilphamari+mbd-2

ওই যাত্রা পালায় পুরুষ চরিত্রে অভিনয়ে ছিলেন স্থানীয় উদ্যোগী শিল্পীরা। নারী চরিত্রে অভিনয় করেছেন দেশের বিভিন্ন এলাকার পেশাদার শিল্পীরা।

যাত্রা পালার একটি চরিত্রে অভিনয় করেছেন স্থানীয় শিল্পী আফজালুল হক (৫৫)। তিনি রয়েছেন একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায়। এসময় তিনি বলেন, ‘সমাজের শোষণ, নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে অভিনয় করছি। অভিনয় সমাজে ন্যায় প্রতিষ্ঠায় ভূমিক পালন করে।’

তিনি বলেন, ‘বেলেল্লাপনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আমরা কাজ করছি। এজন্য সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আমরা সুস্থ ধারার যাত্রা পালায় অভিনয় করে মানুষের সহযোগিতা পাচ্ছি।’

jatra+mbd-2

নীলফামারী জেলা যাত্রা ফেডারেশনের সভাপতি সুধাংশু রায় বলেন, ‘জেলায় সুস্থ ধারার যাত্রার বিকাশে আমরা কাজ করছি। যাত্রা ফেডারেশনের উদ্যোগে নীলফামারী সদরে তিনটি, ডোমার, ডিমলা, জলঢাকা, সৈয়দপুর, কিশোরগঞ্জ উপজেলায় একটি করে যাত্রা দল গঠন করা হয়েছে। এসব দল জেলাব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা মানুষের সাড়া পাচ্ছি, যেখানে পালা অনুষ্ঠিত হচ্ছে সেখানে ব্যাপক মানুষের সমাগম হচ্ছে।’

খোকসাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান বলেন, ‘সুস্থ যাত্রা শিল্পের বিকাশে এলাকাবাসীর উদ্যোগে ছয় দিন ব্যাপী বোর্ডের হাট মাঠে যাত্রার আয়োজন করা হয়েছিল। সুস্থ ধারার যাত্রা সকলে উপভোগ করেছেন, এলাকার মানুষ বিনোদন পেয়েছেন।’

জেলা সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল বলেন, ‘আমরা সুস্থ সংস্কৃতির বিকাশের পক্ষে। এ প্রয়াসে আমাদের সহযোগিতা অবশ্যই থাকবে। যাত্রা ফেডারেশন যে কাজটি শুরু করেছে তাতে আমাদের সমর্থন রয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.