মাস্টারি বিডি । রাজ রাজা
বিনোদন ডেস্ক । ২৩ অক্টোবর ২০১৮ । ০৮ কার্তিক ১৪২৫
মিটু’র পার্শ্বক্রিয়া…
মিটু আন্দোলন ভিন্ন রসায়নে তীব্র হয়ে উঠেছে গোটা বলিউড মহলে। অভিযোগের তীর পরিচালক, অভিনেতা থেকে শুরু করে সুরকার, প্রযোজকের দিকে। আর এই মিটু’র পার্শ্বক্রিয়া ব্যক্ত করেছেন এক অভিনেতা। ধর্ষণের দৃশ্যে আভিনয় করার আগে শর্ত জুড়ে দিয়েছেন তিনি। যে অভিনেত্রীর সঙ্গে ধর্ষণের দৃশ্যে তিনি অভিনয় করবেন সেই অভিনেত্রীর লিখিত অনুমতি পত্র চাই তার। এই অভিনেতা হলেন বলিউডের ভিলেন চরিত্রের পরিচিত অভিনেতা দলিপ তাহিল্। ‘বাজিগর’ ছবিতে মদন চোপড়ার চরিত্রে দলিপ ফাটাফাটি অভিনয় করেছিলেন। পরিচালক সুধীর মিশ্রের একটি ছবিতে তিনি অভিনয় করছেন। সম্প্রতি দলিপ নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সুধীর মিশ্রের ছবিতে একটি ধর্ষণের দৃশ্য শুট করতে আপত্তি জানান তিনি।

দলিপ বলেছেন, দৃশ্যটি শুট করতে তিনি রাজি, তবে শর্ত রয়েছে তার। তিনি পরিচালককে বলেছেন, যেই অভিনেত্রীর সঙ্গে ধর্ষণের দৃশ্য শুট হবে তার অনুমতি ছাড়া কিছুতেই সেই দৃশ্য শুট করবেন না। অভিনেত্রীর অনুমতিপত্র পেয়ে তবেই তিনি সেই দৃশ্যে অভিনয় করতে রাজি হয়েছেন। তবে শুধুমাত্র লিখিত অনুমতিতে থেমে থাকেননি তিনি- ভিস্যুয়াল প্রমাণও নিয়ে রেখেছেন। সোজাকথায় কোনো ঝুঁকি নিতে চাননি এ অভিনেতা।

দৃশ্যটি শুট করার পর অভিনেত্রীর বক্তব্য রেকর্ড করিয়েছেন তিনি। অভিনেত্রী বলেছেন যে, দলিপের সঙ্গে ধর্ষণের দৃশ্য শুট করতে গিয়ে কোনোভাবেই অপ্রস্তুত হতে হয়নি তাকে। অর্থাৎ শুটিংয়ের বাহানায় তার যৌন হেনস্তা করেননি দলিপ। মিটু আন্দোলনের জেরেই এই সতর্কতা বলে অনেকে মনে করছেন।

তবে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, পুরনো একটি ঘটনার জেরেই এই সতর্কতা। বহু বছর আগে অভিনেত্রী জয়া প্রদার সঙ্গে একটি ছবির শুটিং করছিলেন তিনি। ছবিতে একটি ঘনিষ্ট দৃশ্য শুট করতে গিয়ে জয়াকে এমনভাবে চেপে ধরেছিলেন দলিপ যে তাকে ছাড়ানো জয়ার পক্ষে কঠিন হয়ে গিয়েছিল। অভিনয় থেকে উঠে সোজা সকলের সামনে দলিপকে থাপ্পড় মেরেছিলেন জয়া। সেই ঘটনার কথা মনে রেখেই দলিপ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অনেকেই মনে করছেন। তবে চলমান মিটু আন্দোলনের সময়ে এ গল্প হয়তো ধোপে টিকবে না।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম