মাস্টারি সংবাদ | প্রতিবেদক
সড়ক দুর্ঘটনা| ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৩ ফালগুন ১৪৩০
সাপ্তাহিক ছুটির দিনে ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ময়মনসিংহে সাতজন, বগুড়ায় তিনজন, জামালপুরে দুইজন, মৌলভীবাজারে দুইজন ও ফরিদপুরে একজন নিহত হয়েছেন।
ময়মনসিংহ
ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার চর ঈশ্বরদীয়া ইউনিয়নের চরবড়বিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদর মধ্যে চারজনের পরিচয় মিলেছে। যাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো. সাদমান (৭) এবং একই উপজেলার অটোরিকশা চালক আলামিন সরকার (২৫)।
বগুড়া
বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বীরগ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার আল আমিন (৩৯), কুড়িগ্রাম সদর উপজেলার কুদ্দুস মিয়া (৩৭) ও উলিপুর উপজেলার নূর ইসলাম (২২)। এদের মধ্যে আল আমিন ও কুদ্দুস দুই ট্রাকের চালক। আর নুর ইসলাম হেলপার।
জামালপুর
জামালপুরে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- শাহবাজপুর কাচারিপাড়া এলাকার সোহেল রানার ছেলে মো. কাঁকন মিয়া (১৬), এবং শারিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটি ঠিকাদার বাড়ি এলাকার মো. সুমন মিয়ার ছেলে সিনহাদ (১৬)। তারা দুইজনেই দশম শ্রেণির শিক্ষার্থী।
শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজার
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ময়নাবাজার এলাকায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার বিকেলে মহাশস্ত্র গ্ৰামের ময়নাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক রাজু মিয়া (২১) ও যাত্রী নাঈম মিয়া (২৯)। তাদের বাড়ি রাজনগর উপজেলায়।
ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনীর একটি দল এসে আগুন নেভায়।
শুক্রবার সকাল ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ ওরফে সুমন (৩০) নামের আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র : জনকণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম