মাস্টারি বিডি ডটকম ।
নড়াইল । ০২ জানুয়ারি ২০১৮ । ১৯ পৌষ ১৪২৪
নড়াইলে জমে উঠেছে সুলতান মেলা। সোমবার ছিল মেলার সপ্তম দিন। আগামী ৪ জানুয়ারি মেলার সমাপনী দিন। গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে সুলতান প্রেমীদের সরব উপস্থিতিতে দশ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। খবর বাসস-এর।
এ বছর সুলতান পদক পাচ্ছেন শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। সমাপনী দিনে প্রধান অতিথি শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর হাতে সুলতান পদক তুলে দেবেন বলে জানান জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল হক চৌধুরী।
মেলায় বেড়াতে আসা সরকারি ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী নিশা মল্লিক জানান, বরেণ্য চিত্রশিল্পীর নামে এ মেলা প্রতিবারের ন্যায় এবারও আমাদের খুব আনন্দ দিচ্ছে। মেলায় প্রত্যহ বিকেলে অনুষ্ঠিত সেমিনার আমাদের জ্ঞানকে আরো সম্মৃদ্ধ করছে।
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ফাহিম শাহরিয়ার খান জানায়, বন্ধুদের সঙ্গে মেলায় বেড়াতে গিয়েছিলাম। বিভিন্ন স্টল ঘুরে দেখে খুব আনন্দ পেলাম। নড়াইল তথা সারা দেশের গর্ব সুলতান দাদুর নামে অনুষ্ঠিত মেলায় না এলে একটা অপূর্ণতা থেকে যায়।

শহরের আলাদাতপুরের বাসিন্দা গৃহবধূ নিশান আক্তার মিলি জানান, মেলায় বেড়াতে আসতে পেরে খুব ভালো লাগছে। রোববারসহ তিনি মোট দু’দিন মেলায় এসেছেন। দক্ষিণ নড়াইলের অধিবাসী আরেক গহবধূ সঙ্গীতা রানী দাস জানান, সুলতান মেলায় প্রতিদিন অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদেরকে মুগ্ধ করছে। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীসহ জেলার বাইরের বিভিন্ন সংগঠনের শিল্পীরাও মঞ্চে গান গাইছে। সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সৃষ্টি বিশ্বাস জানান, আমি নিজেও সুলতান মেলার সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করেছি। এ অংশগ্রহণ একটা আলাদা আনন্দ দিয়েছে আমাকে। সুলতান মেলা আমাদের গর্ব, প্রতিবছর এ মেলার কলেবর বৃদ্ধি পাচ্ছে- এতে আমরা আনন্দিত।
সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, সুলতান মেলাকে আমরা জাতীয় পর্যায়ের মেলা হিসেবে নিয়ে যেতে চাই। একাধিক জাতীয় পদকে ভূষিত চিত্রশিল্পী সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। খেটে খাওয়া মানুষের জীবনী ছিল সুলতানের চিত্রকর্মের মূল উপজীব্য। সুলতানকে সঠিকভাবে তুলে ধরতে পারলে গোটা দেশ তথা বিশ্ববাসী নড়াইলকে জানবে ও চিনবে, আলাদাভাবে।
জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন যৌথভাবে মেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে চিত্র প্রদর্শনী, লাঠিখেলাসহ আকর্ষণীয় গ্রামীণ খেলাধুলা, জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে প্রতিদিন রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নাটক, জারিগান, সুলতান স্বর্ণপদক প্রদান ও সুলতানের জীবন ও দর্শনসহ বিভিন্ন পর্যায়ের গুণী ব্যক্তিদের জীবনী নিয়ে সেমিনার। দশ দিনব্যাপী সুলতান মেলাকে কেন্দ্র করে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনগুলো জেগে উঠেছে। মেলায় গ্রামীণ কুটিরশিল্পসহ বিভিন্ন পণ্যের প্রায় ১০০টি স্টল বসেছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম