মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ২০ আগস্ট ২০১৮ । ০৫ ভাদ্র ১৪২৫
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন হতে যাচ্ছে রংপুরে। উৎসবের আয়োজন করেছে চলচ্চিত্র সংসদ ‘সিনেমা বাংলাদেশ’। উৎসবের জুরি ও কর্মশালার প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশের খ্যতনামা নির্মাতারা
‘লেটস সিনেমা!’-এমন স্লোগান নিয়ে রংপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক তারুণ্যেও চলচ্চিত্র উৎসব- গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল, রংপুর।
আগামী ২৭-২৯ সেপ্টেম্বর তিনদিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। বিশ্ব চলচ্চিত্রের তরুণ নির্মাতাদের এই আসর বসবে শহরের টাউন হলে। উৎসবে দেশ-বিদেশের পঞ্চাশটির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং বেশির ভাগ নির্মাতাই উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়েছে বিশ্বের ১০১টি দেশের তরুণদের নির্মিত ১২৭০টি চলচ্চিত্র। ২৯ সেপ্টেম্বর সমাপনী দিনে বিচারকের রায়ে পুরস্কার প্রাপ্ত সেরা পাঁচটি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রখ্যাত নির্মাতা ও চলচ্চিত্র সমালোচক গোলাম রাব্বানী বিপ্লব, সাদিয়া খালিদ ও মেহেদী হাসান।
এই উৎসব থেকে বাংলা তথা ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেন এর নামে একটি পুরস্কারের প্রবর্তন করা হবে।
এবার বাংলাদেশি তরুণদের ৮৩টি চলচ্চিত্র জমা পড়েছে ‘হীরালাল সেন শ্রেষ্ঠ বাংলাদেশী চলচ্চিত্র’ বিভাগে। এই বিভাগের বিচারক হিসেবে আছেন ‘ভুবনমাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফিন খান, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও নির্মাতা জসীম আহমেদ।

এছাড়া উৎসবের অংশ হিসেবে দেশ-বিদেশের ৫০ জন নির্মাতার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। যাতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন নির্মাতা প্রসূন রহমান, নির্মাতা ও জাতীয় পুরস্কারজয়ী চিত্রনাট্যকার অনম বিশ্বাস, প্রযোজক আরিফুর রহমান।
প্রতিযোগিতার বাইরে এই সময়ের আলোচিত দশটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে ‘আমন্ত্রিত চলচ্চিত্র বিভাগে’। উৎসবসূচী ও অন্যান্য তথ্যাদি পাওয়া যাবে cinemabangladesh.weebly.com এই সাইটে। কর্মশালায় অংশগ্রহণের জন্য ২৫ আগস্ট পর্যন্ত cinemabangladesh@gmail.com এই মেইলে আবেদন করা যাবে।
কর্মশালায় অংশ নিতে বা উৎসবের চলচ্চিত্র দেখতে কোন ফি দিতে হবে না।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম