Home / প্রধানমন্ত্রী / রোহিঙ্গাদের কেবলমাত্র মানবিক কারণে আশ্রয় দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
pm+amene+mbd-3

রোহিঙ্গাদের কেবলমাত্র মানবিক কারণে আশ্রয় দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৮ সেপ্টেম্বর ২০১৭ । ২৪ ভাদ্র ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের জন্য বড় ধরনের বোঝা’ হয়ে দেখা দিলেও সম্পূর্ণ মানবিক কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ আশ্রয় দিচ্ছে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে তুরস্কের সফররত ফার্স্ট লেডি এমিনি এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলু’র সাক্ষাৎকালে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এ দায়িত্ব গ্রহণ করতে হবে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সংবাদমাধ্যমকে জানান, শরণার্থীদের জন্য বাংলাদেশ সরকারের মানবিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী তুর্কি ফার্স্ট লেডিকে অবহিত করেছেন।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শরণার্থীদের সনাক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে। যাতে শরণার্থীদের ছদ্মাবরণে কোন সন্ত্রাসী বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সরকার তা নিশ্চিত করতে চায়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, শেখ হাসিনা সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা কোন দেশের বিরুদ্ধে কোন বিদ্রোহী অথবা সন্ত্রাসী কার্যক্রমে আমাদের ভূমি ব্যবহার করতে দেবো না।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সন্ত্রাসীদের কোন ধর্মীয় এবং আঞ্চলিক পরিচয় নেই।’
এমিনি এরদোগান মিয়ানমারের শরণার্থীদের প্রতি বাংলাদেশের মানবিক সাড়াদানের প্রশংসা করেন এবং এই ইস্যুতে বিশ্ব জনমত সৃষ্টির জন্য ইস্তাম্বুলের উদ্যোগের কথা প্রধানমন্ত্রীকে জানান।

pm+amene+mbd

তিনি বলেন, ‘তুরস্ক এই নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব জনমত তৈরির চেষ্টা করছে। কারণ এই সংকট নিরসনে সারা বিশ্বের দায়িত্ব রয়েছে।’ তিনি আরো বলেন, তুরস্ক এই ইস্যুটি কাজাখস্তানে অনুষ্ঠেয় ১৩তম ওআইসি শীর্ষ সম্মেলনেও উপস্থাপন করবে।

তুরস্কের ফার্স্ট লেডি বলেন, তার দেশ বিপুলসংখ্যক শরণার্থীর আশ্রয় দেয়ার সমস্যা অনুধাবন করতে পারে।

এমিনি এরদোগান বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তার শরণার্থী পরিদর্শনের অভিজ্ঞতা বিনিময়কালে বলেন, এই শরণার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টা জনগণের সমর্থন নিয়ে সফলভাবে মোকাবেলার জন্য তুর্কি সরকারের প্রশংসা করে বলেন, ‘জনগণের ক্ষমতাই সর্বোচ্চ।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তা কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের উল্লেখ করে বলেন, এ ঘৃণ্য ঘটনার পর বাংলাদেশকে ১৯টি অভ্যুত্থান প্রচেষ্টা প্রত্যক্ষ করতে হয়েছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 3 26 8888

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই …

Leave a Reply

Your email address will not be published.