মাস্টারি বিডি ডটকম
রাজশাহী । ০৮ মার্চ ২০১৭ । ২৪ ফাল্গুন ১৪২৩
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশ থেকে জঙ্গী ও সন্ত্রাসবাদ নির্মূল করতে পুলিশের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী রোববার রাজশাহীর পবা নতুন থানা ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সংবাদ বাসস-এর।
মন্ত্রী বলেন, দেশ থেকে জঙ্গী ও সন্ত্রাসবাদ নির্মূল করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, আয়েন উদ্দীন, মেরাজ উদ্দীন মোল্লা, সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম আখতার জাহান, সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার নূর উর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেনসহ সরকারি পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পবা নতুন থানা ভবনটি ছয় কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্বাবধানে নির্মিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পুলিশিং কার্যক্রম গতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পরিকল্পনায় দেশে ১০১ টি থানা ভবনের টাইপ প্লানে নির্মাণ প্রকল্পের আওতায় এই থানা চত্বরে নতুন কমপ্লেক্স নির্মাণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশিং কার্যক্রমে আগামী ৩০ বছরের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার।
তিনি বলেন, আগে জনগণ পুলিশ দেখে ভয় পেত। এ সরকারের আমলে পুলিশ জনগণের হৃদয় জয় করে তাদের বন্ধু হয়ে কাজ করছে। পুলিশ রক্ত দিয়েছে, আরো রক্ত দিয়ে হলেও সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলা করবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অধর্মে বিশ্বাস করে না, উন্নয়নে বিশ্বাস করে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় আট কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্বাবধানে শাহ্ মখদুম নতুন থানা ভবনের উদ্বোধন করেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম