মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ০৫ জুন ২০১৯ | ২২ জ্যৈষ্ঠ ১৪২৬
বৃষ্টি ভেজা ঈদ বিনোদন
বৃষ্টি ভেজা ঈদ বিনোদন হলেও আনন্দের কিন্তু কমতি ছিলো না। ঈদের নামাজ পড়ে ফিরনি-পায়েস খাওয়া শেষে বৃষ্টি উপেক্ষা করেই বিনোদন কেন্দ্রের দিকে ছুটেছেন শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।
ঢাকার বাসিন্দাদের অনেকে ছোটেন শিশু পার্ক, চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে।
ঢাকার শ্যামলী এলাকায় দুপুর ১ টার দিকে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে (সাবেক শিশুমেলা) গিয়ে দেখা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শত শত শিশু, কিশোর-কিশোরী সেখানকার বিভিন্ন রাইডে চড়ছে। মেরি গো রাউন্ড, চুক চুক ট্রেন, ওয়ান্ডার হুইল, প্যারাট্রুপার, হানিসুইং, সোয়ান অ্যাডভেঞ্চার, বাম্পার কার, টুইস্ট, স্পেস শ্যাটল, মিনি রোলার কোস্টারের মতো রাইডগুলোতে চড়ে উচ্ছ্বসিত দেখা যায় তাদের।
এই বিনোদন কেন্দ্রের প্রবেশ মূল্য ৩০ টাকা, আর রাইডগুলোতে চড়তে প্রতিটির জন্য দিতে হয় ৫০ টাকা করে।
সাপ্তাহিক ছুটির বিরতি ছাড়া প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে শ্যামলীর এই শিশু কিশোর বিনোদন কেন্দ্রটি।
দিনভর টানা বৃষ্টির কারণে হাতিরপুল, ঝিগাতলা, বকশীবাজার, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শেষ বেলায় বৃষ্টি খানিকটা থামলেও বিকালে আবারও মেঘাচ্ছন্ন হয় আকাশ। বৃষ্টির কারণে রাজধানীর রাস্তাঘাটও ছিল বেশ ফাঁকা।
তবে তুলনামূলক বেশি দর্শনার্থীর সমাগম ঘটেছে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন এলাকায়।

চিড়িয়াখানায় শিশু-কিশোর বয়সী দর্শনার্থীদের উপস্থিতিই বেশি দেখা যায়। অনেক অভিভাবক তাদের শিশুদের নিয়ে ঘুরতে আসেন সেখানে।
রোববার সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে চিড়িয়াখানার দ্বার।
হালকা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেও আজ ঈদুল ফিতরের দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোয় নারী পুরুষ শিশুসহ দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন।
সারাদিন বৃষ্টির কারণে বের হতে না পারলেও বিকেলের দিকে মানুষের ভিড় বেড়েছে। রাজধানীর প্রধান বিনোদন কেন্দ্র হাতিরঝিলসহ অন্যান্য বিনোদন কেন্দ্রে এ দৃশ্য দেখা গেছে।
বিকেলে রাজধানীর বিনোদন কেন্দ্র ঘুরে দেখা যায়, রামপুরা হাতিরঝিল বিনোদন কেন্দ্র, শিশুমেলা, চিড়িয়াখানা, উত্তরার দিয়াবাড়িতে ফেন্টাসি আইল্যান্ড পার্ক ও দিয়াবাড়ি বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় ।
তবে হাতিরঝিল এলাকাজুড়ে বেশি সমাগম ঘটেছে দর্শনার্থীদের। শ্যামলী শিশু মেলা ও উত্তরা ফ্রেন্টাসী আইল্যান্ড পার্কেও জনসমাগম ছিল বেশ।
অন্যদিকে শহরে আজ বেড়ানোর অন্যতম বাহন রিকশার কদর ছিল তুঙ্গে, ভাড়াও বেশি। মৌসুমি রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা বিভিন্ন অঞ্চল থেকে এসে বিনোদনকেন্দ্রমুখী মানুষের কাছ থেকে দ্বিগুণেরও বেশি ভাড়া হাঁকিয়েছেন। ।
উৎসবের দিনগুলো ছাড়া বিনোদনগুলোতে সাধারণত আসা সম্ভব হয় না। যান্ত্রিক জীবন ছেড়ে খোলামেলা সবুজ পরিবেশে এসে দর্শনার্থীদের ভালোই লাগছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম