মাস্টারি বিডি ডটকম
রাঙ্গামাটি । ১৯ আগস্ট ২০১৭ । ০৪ ভাদ্র ১৪২৪
সড়ক ধসে যাওয়ায় রাঙ্গামাটি-বান্দরবান জেলা সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। শনিবার সকালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ঘাগড়া-বড়ইছড়ি সড়কের কুকিমারা এলাকার সড়কটি সম্পূর্ণ ধসে পড়ে।

স্থানীয় নিশি তঞ্চঙ্গ্যা (৫০) বলেন, গত ১৩ জুন পাহাড় ধসে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তা যথা সময়ে সংস্কার করা হয়নি। এর মাঝে পাহাড় থেকে আসা পানি সরাসরি ক্ষতিগ্রস্ত সড়কের ওপর দিয়ে প্রবাহিত হলে ধীরে ধীরে তা ধসে পড়তে শুরু করে। এ অবস্থায় শনিবার সকালে সড়কটি ধসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সিএনজি চালক রুপায়ন তঞ্চঙ্গ্যা বলেন, সকালে আমরা সড়কের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাতায়াত করেছিলাম। কিন্তু কিছুক্ষণ আগে এটি ধসে যাওয়ায় যান চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

এ ব্যাপারে সড়কের দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো. ইউনুস বলেন, যত দ্রুত সম্ভব ওই এলাকায় কাজ শুরু করা হবে। আপাতত সিএনজি চালিত অটোরিকশা চলাচলের ব্যবস্থা করা হবে। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম