
মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন ডেস্ক | ঢাকা | ২১ মে ২০১৯ | ০৭ জ্যৈষ্ঠ ১৪২৬
রূপকথার গল্প নির্ভর মেগা ধারাবাহিক নাটক ‘মায়া মসনদ’। ধারাবাহিকটির কাজ শুরু হয়েছিলো দুই বছর আগে। দুইটি আলাদা রাজ্যকে কেন্দ্র করে এটির গল্প এগুচ্ছে। একটি হলো পৃথিবী রাজ্য আরেকটি মেঘ রাজ্য। মেঘরাজ্যের যুবরাজ আর্দা’র চরিত্রে অভিনয় করছে টেলিভিশন ও মঞ্চ অভিনেতা পলাশ লোহ। তার সাবলীল অভিনয় উপস্থাপন চরিত্রটিকে করেছে প্রাণবন্ত। এখানে তাকে কখনো যোদ্ধা, কখনো প্রেমিক, কখনো অভিমানী যুবরাজ, কখনো হিংস্র হতে দেখা যায়।

পলাশ লোহের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “অনেক বছর মঞ্চে অভিনয় করার অভিজ্ঞতাটা এই ধারাবাহিকে কাজে লাগাতে পেরেছি। রূপকথা নির্ভর নাটকগুলোর অভিনয়শৈলী খুব কঠিন। মঞ্চের অভিজ্ঞতা থাকলে এই কাজগুলো সহজ হয়ে যায়। আমিও চেষ্টা করেছি। আরও ভালো করার চেষ্টা করে যাচ্ছি।”

সম্পূর্ণ ভিএফএক্স নির্ভর ধারাবাহিক বাংলাদেশে এটাই প্রথম । গল্প লিখেছেন কলকাতার অরিন্দম গুহ, পরিচালনা করেছেন এস. এম. সালাউদ্দিন।

পর্ব পরিচালনায় আতিকুর রহমান বেলাল এবং দৃশ্য পরিচালনায় মাকসুদুল হক ইমু।
ধারাবাহিকটি হোয়াইট ব্যালেন্স প্রোডাকশন-এর ব্যানারে নির্মিত। প্রযোজনা মিডিয়া ইমপ্রেশন।

এন টিভিতে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত আটটা বিশ মিনিটে প্রচারিত হচ্ছে এ সময়ের আলোচিত মেগা ধারাবাহিক নাটক মায়া মসনদ। এই ধারাবাহিকটি বেশ সাড়া ফেলেছে নাট্য প্রেমী দর্শকদের মধ্যে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম