Home / জাতীয় / ভূমিকম্প এবং ফের ভূমিকম্প : কেঁপে উঠল দেশ
untitled-1-copy

ভূমিকম্প এবং ফের ভূমিকম্প : কেঁপে উঠল দেশ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৪ জানুয়ারি ২০১৭ । ২১ পৌষ ১৪২৩

মঙ্গলবার বিকালে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা কেঁপে উঠে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্র সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আগারগাঁওস্থ ঢাকা ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১৭৬ কিলোমিটার দূরে। রাজধানী ঢাকায় ভূমিকম্পের সময় লোকজন ঘরবাড়ি থেকে দ্রুত রাস্তায় নেমে আসে।

সুনামগঞ্জে ভূমিকম্প আতঙ্কে ২ জনের মৃত্যু…

সুনামগঞ্জে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে এক কিশোরীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

একইভাবে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পা ভেঙে গেছে।

মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুর ও ছাতক উপজেলা এবং সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনাগুলো ঘটে।

মৃতরা হলে জগন্নাথপুরের পাটলি ইউনিয়নের হাসামপুর গ্রামের হিরণ মিয়া (৬০) ও ছাতকের সিমেন্ট ফ্যাক্টরি এলাকার শামছুল হকের মেয়ে সায়মা আক্তার (১৩)।

বিকাল ৩ টা ৯মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্ব এবং আগরতলা থেকে ৭৬ কিলোমিটার পূর্বে।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়, ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

জগন্নাথপুর থানার ওসি মো. মোরছালিন সংবাদমাধ্যমকে জানান, দুপুরে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হচ্ছিলেন হিরণ। এ সময় মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হিরণের মৃত্যু হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মধুসুদন ধর জানান।

ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় চারতলা একটি ভবনে পরিবারের সঙ্গে থাকত সায়মা আক্তার। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে আহত হয় সে। পরে তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সায়মা আক্তার সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে হোসাইন ইমরান জানান, ভূমিকম্পের সময় অতঙ্কিত হয়ে সিঁড়ি বেয়ে নামার সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পা ভেঙে গেছে।

আহত ইফতেখার আহমেদ রবিন লোকপ্রশাসন  বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সহকারী প্রক্টর সামিউল ইসলাম জানান।

রবিনের বন্ধু মনির হোসাইন জানান, রবিন ভূমিকম্পের সময় নগরীর মদিনা মার্কেট এলাকার অগ্রণী রোডের দোতলা একটি বাসা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। এতে তার বাম পা ভেঙে গেছে।

ফের ভূমিকম্প…

সীমান্ত লাগোয়া ভারতের ত্রিপুরায় মাঝারি মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকা কম্পিত হওয়ার ১২ ঘণ্টার মধ্যে চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় বুধবার রাত ১২ টা ৪৯ মিনিটে হওয়া ৫ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক এলাকার ৩৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বলে ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটে দেখানো হয়েছে।

ভূ-পৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৯৩.২ কিলোমিটার।

এর আগে মঙ্গলবার  বিকাল ৩টা ৯ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়, ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

বিকালে অফিস ছুটির ঘণ্টা দুই আগে রাজধানীর ভবনগুলো ভূমিকম্পে কেঁপে উঠলে আতঙ্ক তৈরি হয়। অনেকেই ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

পূর্ব ও দক্ষিণের সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চল ছাড়াও মধ‌্য ও উত্তরের অধিকাংশ জেলায় ওই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যায়।

আতঙ্কে সুনামগঞ্জে দুজনের মৃত‌্যু এবং কয়েকটি স্থানে আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া যায়।

ভূমিকম্পের সময় ত্রিপুরায় আতঙ্কগ্রস্ত হয়ে এক নারীর মৃত‌্যু এবং চারজন আহত হয়েছে বলে খবর দেয় টাইমস অফ ইন্ডিয়া। এছাড়া কয়েকটি স্থানে ভূমিধস ঘটে।

তবে বাংলাদেশ সময় মধ্যরাতের পর মিয়ানমারের ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.