মাস্টারি বিডি ডটকম ।
ভাঙ্গা (ফরিদপুর) । ১৯ এপ্রিল ২০১৮ । ০৬ বৈশাখ ১৪২৪
ফরিদপুরের ভাঙ্গায় এমপি নিক্সন চৌধুরী ও কাজী জাফরউল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন গ্রামবাসী আহত হয়েছেন। গুরুতর আহতরা হলেন- কাঞ্চন মেম্বার, সুলতান দফাদার, কালু মাতুব্বর। আহতদের ভাঙ্গা, সদরপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন (তদন্ত) বলেন, নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহবাদ বাজার-ভদ্রকান্দা সড়ক উদ্বোধন করার কথা ছিল এমপি নিক্সন চৌধুরীর। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এলাকায় পরবর্তী কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

জানা গেছে, গতকাল আব্দুল্লাহ বাজার ও ভদ্রকান্দা গ্রামের একটি সড়ক উদ্বোধন করার কথা ছিল এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের। সড়কটি উদ্বোধনে কাজী জাফরউল্লাহর সমর্থকরা বাধার সৃষ্টি করে এলাকায় উত্তেজনা তৈরি করে এবং আব্দুল্লাহবাদ বাজারে শতশত লোক সমাগম ঘটায়। খবর পেয়ে নিক্সন চৌধুরীর হাজারো সমর্থক আব্দুল্লাহবাদ বাজারে প্রবেশ করে। এসময় উভয় পক্ষর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। নিক্সন চৌধুরীর সমর্থক বেশি থাকায় এক পর্যায় কাজী জাফরউল্লাহর সমর্থকরা পিছু হটে যায়।
এমপি নিক্সন চৌধুরী এ ব্যাপারে বলেন, আমাকে ফরিদপুর-৪ আসনের মানুষ ভোট দিয়ে তাদের এমপি বানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আমি আমার সাধ্যমত সমগ্র এলাকায় উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি যখনই কোনো সভা-সমাবেশ বা উন্নয়নমূলক কাজের উদ্বোধন করতে যাই তখনই কাজী জাফরউল্লাহ আমার চলার পথে বাধা হয়ে দাঁড়ান। এখনতো সেটা তার কাছে নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। তবে আজ জনগণ তার সমর্থকদের পিছু হটিয়ে দিয়েছে।
অপরদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, সড়কটি স্থপতি এমপি নিলুফার জাফরউল্লাহ বর্তমান সরকারের কাছ থেকে এনেছেন। এলাকার মানুষ সড়কটি তাকে দিয়েই উদ্বোধনের পক্ষে থাকায় আজ তারা নিক্সন চৌধুরীকে বাধা দিয়েছে। তার লোকজনই আমার লোকজনের ওপর হামলা চালায়।
এদিকে এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে থমথমে ভাব বিরাজ করছে। আওয়ামী লীগের দু’পক্ষের কোন্দল আবারো সংঘর্ষে রূপ নিতে পারে। সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম