মাস্টারি বিডি ডটকম
ভোলা । ১৩ আগস্ট ২০১৭ । ২৯ শ্রাবণ ১৪২৪
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ১ লাখ গাছের চারা রোপণ করা হবে আগামিকাল। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুর ১২ টা ১ মিনিটে উপজেলার পাওয়ার প্লান্ট এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এসময় একযোগে বোরহানউদ্দিনের ৪৮৪টি পয়েন্টে ফলদ, বনজ, ওষুধি ও ফুলের গাছসহ মোট ২১ প্রজাতির বৃক্ষ রোপণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কুদ্দুছ সংবাদমাধ্যমকে জানান, শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ও বৈশ্বিক উষ্ণতা রোধে’র উদ্দেশ্যেই মূলত বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। স্থানীয় বিভিন্ন উদ্যোক্তা, সচেতন ব্যক্তি, যুব ও ছাত্র সকলের সমন্বয়ে কাজ করা হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৪৮৪টি স্পটে ৪৮৪ জনকে দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারিরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গাছ লাগানোর নির্ধারিত স্থানে সাইন বোর্ড দেয়া থাকবে। ইউনিয়ন পর্যায়ের উন্মুক্ত পয়েন্টে ইউপি মেম্বার, চৌকিদার, দফাদার, সচিবরা দায়িত্বে থাকবে। প্রতিষ্ঠানগুলোতে যেমন মসজিদে ইমামরা দায়িত্বে থাকবেন। স্কুল-কলেজগুলোতে প্রতিষ্ঠান প্রধানরা মূল ভূমিকা পালন করবেন। এছাড়া সকল পয়েন্টে চারা রোপণ সম্পন্ন করতে স্থানীয় সরকারি কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে।
বৃক্ষ রোপণের উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে, বোরহানউদ্দিন কেরামতগঞ্জ আলীয়া মাদ্রাসা। পলিটেকনিক ইনস্টিটিউট-এর ডান পাশের সড়ক। দেউলা মজমের হাটের রাস্তা। কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একটি সড়ক। সাচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ডান দিকের রাস্তাসহ উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, সড়কের পাশ, সামাজিক প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস প্রাঙ্গণে এসব গাছের চারা রোপণ করা হবে।
এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। গাছ লাগানোকে কেন্দ্র করে পুরো উপজেলায় অনেকটাই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্ করা গেছে। আশা করা যাচ্ছে, ওইদিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বৃক্ষ রোপণ কর্মসূচিকে কেন্দ্র করে। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম