মাস্টারি বিডি ডটকম ।
গাজীপুর । ০৬ জানুয়ারি ২০১৮ । ২৩ পৌষ ১৪২৪
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বেলকলি ও সেল বাহাদুরের ঘরে এক মাদি শাবক জন্ম নিয়েছে। এনিয়ে সাফারি পার্কের আবদ্ধ পরিবেশে দ্বিতীয়বারের মতো হাতি বাচ্চা জন্ম দিলো।
সাফারি পার্ক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ওই শাবকটির জন্ম হয়। গত বছরের ২৭ আগস্ট মুক্তিরাণী ও সেল বাহাদুর প্রথম মাদি শাবক বনমাধুরীর জন্ম দেয়। এ নিয়ে সাফারি পার্কে হাতি পরিবারে মোট সদস্য সংখ্যা দাঁড়ালো আটটিতে।
সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, সকাল সাড়ে আটটার দিকে হাতি বেষ্টনিতে বেলকলি তার বাচ্চা প্রসব করে। বর্তমানে বেলকলি ও তার বাচ্চা সুস্থ রয়েছে। দুই শাবকসহ আটটি হাতির মধ্যে ২টি পুরুষ ও ৬টি মাদি হাতি রয়েছে।
সাফারি পার্কে ২০১৩ সাল থেকে ২০১৫ সালের মধ্যে আনা হাতির মধ্যে ২টি পুরুষ ও ৪টি মাদি হাতি ছিল। বাচ্চাটিসহ মা হাতিটিকে আলাদা করে রাখা হয়েছে।
পার্কের ভেটেরিনারি সার্জন মো. নিজাম উদ্দিন চৌধুরী জানান, নতুন বাচ্চাটি জন্মের ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে ওঠে দাঁড়িয়েছে। জন্মের সময় শাবকের ওজন ৫৫ কেজি হয়েছে। তিন-চার বছর পর্যন্ত হস্তিশাবকরা মায়ের দুধপান করে থাকে। তবে এক বছর পর থেকে দুধের পাশাপাশি অন্য খাবার চেষ্টা করে।
প্রসূতি মা হাতির কথা বিবেচনা করে তার খাবার তালিকায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিদিন খাবার তালিকায় ৪০ কেজি গাজর, ২০ কেজি মিষ্টি কুমড়া, ৪০ কেজি আখ, ২০০ কেজি কলা গাছ, ১০০ কেজি সবুজ ঘাস ও ৫ কেজি আতপ চালের জাউ ভাত দেয়া হচ্ছে। নতুন এ শাবকটির নাম মায়ের সঙ্গে মিল রেখে ফুলকলি রাখার প্রস্তাব করা হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম