মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৭ অক্টোবর ২০১৬ । ০২ কার্তিক ১৪২৩
মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার দেওয়ান মাহবুবুর রব সাদী আর নেই। সোমবার ভোররাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই মুক্তিযোদ্ধার মৃত্যু হয় বলে জাসদের সহ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সংবাদমাধ্যমকে জানান।
হার্ট অ্যাটাকের পর তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সাদীর ব্য়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীরপ্রতীক খেতাব পেলেও বেসামরিক মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের প্রতিবাদে সেই সম্মাননা নেননি তিনি।
জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা সাদী দলটির হয়ে ১৯৭৯ সালে হবিগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সাজ্জাদের মাধ্যমে জানা যায়, আজ সোমবার হবিগঞ্জের নবীগঞ্জের দিনারপুর শাফায়েত খেলার মাঠে তার জানাজা হয়। এরপর জে কে হাই স্কুল মাঠে এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। আগামীকাল মঙ্গলবার সাদীর মরদেহ ঢাকায় আনা হবে। দুপুর দেড়টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাদীর মৃত্যুতে জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার গভীর শোক প্রকাশ করেছেন।
জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
সাদীর জন্ম ১৯৪২ সালের ১০ মে সিলেটে। তার পৈত্রিক বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে। স্কুলজীবনে রাজনীতিতে জড়িয়ে পড়া সাদী সিলেট অঞ্চলে ছাত্রলীগের প্রসারে সক্রিয় ছিলেন।
মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের জামালপুর সাব সেক্টরের অধিনায়ক হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য সাদীকে বীরপ্রতীক খেতাব দেয় সরকার। তবে বেসামরিক কোনো মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাব না দেওয়ার প্রতিবাদে তিনি নেননি।
স্বাধীনতার পর ছাত্রলীগের একটি অংশ বেরিয়ে জাসদ গঠন করলে নতুন দল গঠনে নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদী।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম