মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ ডিসেম্বর ২০১৬ । ১৯ অগ্রহায়ণ ১৪২৩
প্রয়াত কর্নেল তাহেরের জীবনীকে উপজীব্য করে কথাসাহিত্যিক শাহাদুজ্জামান লিখেছেন উপন্যাস ‘ক্রাচের কর্নেল’।
বিজয়ের মাসে নাট্যদল বটতলা মঞ্চে আনলো শাহাদুজ্জামানের আলোচিত উপন্যাস ‘ক্রাচের কর্নেল’।
কর্নেল তাহেরের জীবনভিত্তিক উপন্যাস ‘ক্রাচের কর্নেল’-এর নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
উপন্যাসটির মঞ্চায়ন প্রসঙ্গে নির্দেশক মোহাম্মদ আলী হায়দার কর্নেল তাহেরকে স্মরণ করে বলেন, আসলে আমরা যে সময়টায় বসবাস করছি সেখানে আমাদের কোনো হিরো নেই। সত্যে অবিচল, মৃত্যুকে যারা ভয় করে না- এমন নায়ক নেই। আমরা চে গুয়েভারাকে খুঁজি, ফিদেল ক্যাস্ত্রোকে খুঁজি। কিন্তু আমাদের তো বঙ্গবন্ধু ছিলেন! তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর মতো নির্ভীক ও সত্যবাদী রাজনীতিক এই দেশের মানুষ আর কোনো দিন পাবে না।

তাহেরও তেমনি এক নির্ভীক মানুষ। পৃথিবীর সব বিপ্লবীর মতো তাহের আমাদের দিক্ষা দেন নির্ভীক হওয়ার, সত্য বলার। নাটকটি সম্পর্কে তিনি বলেন, আমরা যখন উপন্যাসটি পড়ি তখন এ বিষয়গুলো উপলব্ধি করি। তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে অরাজনৈতিক পরিবেশের বিরূপ প্রভাবও আমরা তুলে ধরতে চেয়েছি নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে। সবমিলে ‘ক্রাচের কর্নেল’ নতুন ভাবনা, নতুন বিতর্ক সৃষ্টি করবে এবং তা খণ্ডন করবে পরবর্তী প্রজন্ম- এই আশাই আমাদের নাটকটি মঞ্চায়নের দুরূহ পথ পাড়ি দিতে অনুপ্রেরণা যুগিয়েছে। নাটকটি মঞ্চায়নের খবরে উচ্ছ্বসিত উপন্যাসটির রচয়িতা শাহাদুজ্জামানও।
নির্দেশক হায়দার জানান, শাহাদুজ্জামানের এ উপন্যাসটি এর আগে অনেকেই চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র হিসেবে নির্মাণ করতে চেয়েছিলেন। এমনকি ইংল্যান্ডেও নাটকটি নির্মাণের কথা ছিল। কিন্তু নাট্যদল বটতলাই প্রথম কাগজের পৃষ্ঠা থেকে মঞ্চে তুলে আনতে সক্ষম হয়েছে ‘ক্রাচের কর্নেল’কে। এ জন্য তিনি আনন্দ, উচ্ছ্বাস ও ভালোবাসা জানিয়েছেন।
এদিকে ‘ধরিত্রী ও মানব হত্যার বিরুদ্ধে- মুক্তির উৎসবে’ স্লোগানকে সামনে রেখে নাট্যদল বটতলা দু’বছর পর আয়োজন করেছে ২০১৫-১৬ সালের নতুন নাটকের এ উৎসব। ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এ উৎসব। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে ‘ক্রাচের কর্নেল’ ছাড়াও মঞ্চায়িত হচ্ছে চলতি বছর মঞ্চে আসা বিভিন্ন নাট্যদলের নতুন প্রযোজনা। উৎসবে বাংলাদেশের ৭টি ও বিদেশের ৩টি দল তাদের নাটক পরিবেশন করছে।
প্রসঙ্গত, ১ ডিসেম্বর রাজধানীর মহিলা সমিতিতে অনুষ্ঠিতব্য ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’ উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় ‘ক্রাচের কর্নেল’ নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম