এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে…
মাস্টারি বিডি ডটকম
নড়াইল । ০৩ ডিসেম্বর ২০১৬ । ১৯ অগ্রহায়ণ ১৪২৩
প্রয়াণের ৩১ বছর পার হলেও মরণোত্তর একুশে পদক প্রাপ্ত চারণকবি কবিয়াল বিজয় সরকারের গুরুত্ব দেশের সঙ্গীতপিপাসু মানুষের কাছে এতটুকু কমেনি। এত বছর পর আজও তিনি ভক্ত শ্রোতা শুভার্থীদের কাছে সমান সুপ্রিয়। বিশেষত গ্রামবাংলার ব্যাপক মানুষের কাছে এই সাধক শিল্পী সমহিমায় বেঁচে আছেন- বেঁচে থাকবেন।
আগামীকাল রোববার (৪ ডিসেম্বর) কবিয়াল বিজয় সরকারের ৩১তম প্রয়াণ দিবস । এ উপলক্ষে জেলা প্রশাসন এবং চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিল্পকলা কাডেমিতে দুইদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
প্রয়াণ দিবসের কর্মসূচি :
কর্মসূচির মধ্যে রয়েছে (৪ ডিসেম্বর) বিজয়গীতি প্রতিযোগিতা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কবির প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন, উন্মুক্ত আলোচনা, প্রতিযোগীদের পুরস্কার বিতরণ, বিজয় গীতি পরিবেশন এবং (৫ ডিসেম্বর) বিকেলে কবি গানের আসর (কবি গান পরিবেশন করবেন শ্যামল সরকার ও অরূপ সরকার) অনুষ্ঠিত হবে বলে জানান, জেলা প্রশাসক ও চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ হেলাল মাহমুদ শরীফ।
বিজয়গীতি :
“এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে…” বিখ্যাত এই গানসহ অসংখ্য মরমীগানের রচয়িতা কবিয়াল বিজয় সরকার। কবি গানের উৎকর্ষ সাধনে তার অবদান অসামান্য। প্রচারবিমুখ ও নিভৃতচারী এই সংগীত সাধক মানুষের হৃদয়ের আঁকুতিকে চমৎকার সুর ব্যঞ্জনায় ফুটিয়ে তুলে সকলের অন্তরে ঠাঁই করে নিয়েছিলেন। পাগল বিজয় সরকার নামেও তিনি ভক্ত শ্রোতাদের কাছে পরিচিত ছিলেন।
জন্ম ও ধন্য জীবন :
১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন বিজয় সরকার। কিশোর বয়স থেকেই গান রচনা করে বিজয় সরকার নিজেই তা পরিবেশন করতেন। বিজয় সরকারের গান শুনে তাকে আশীর্বাদ করেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসিম উদ্দিন, কবি গোলাম মোস্তফা, শিল্পী আব্বাস উদ্দিন আহম্মেদের মত বিখ্যাত ব্যক্তিবর্গ। বিশ্ববরেন্য চিত্রশিল্পী এস এম সুলতানের সঙ্গে তার ছিল গভীর সম্পর্ক।
বিজয়গীতির সংখ্যা :
জাতি ধর্ম বর্ণের উর্ধ্বে থেকে চারন কবি বিজয় সরকার প্রায় দুই হাজার বিজয়গীতি রচনা করেন। যার মধ্যে রয়েছে বিচ্ছেদিগান, শোকগীতি, ইসলামীগান, আধ্যাত্মিক গান, দেশের গান, কীর্তন, ধর্মভক্তি, মরমী গান।
প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ মরণোত্তর একুশে পদকে ভূষিত হয়েছেন বিজয় সরকার।
ভারতে চিকিৎসাধীন অবস্থায় ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম