ঢাকা, মঙ্গলবার ০৯ জুন ২০২৬ মাসস
ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ-বিজিবি) ডিরেক্টর জেনারেল পর্যায়ের চারদিনের মিটিং সোমবার শুরু হয়েছে নয়াদিল্লিতে। তার মাত্র কয়েক ঘণ্টা আগে দু’দেশের ‘নো ম্যান্স ল্যান্ড’ এলাকায় কয়েকদিন ধরে আটকে থাকা বেশ কয়েকজন ‘অনুপ্রবেশকারী’ উধাও হয়ে গিয়েছে বলে খবর। এই প্রসঙ্গে বিজিবি-র দাবি, এদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ।
এ দিকে, বাংলাদেশের সীমান্ত প্রহরায় এ বার বিজিবির সঙ্গে যোগ দিয়েছে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা। সীমান্তবর্তী সেই জেলাগুলি হলো— চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি।
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ সোমবার দাবি করেন, পুশব্যাক বন্ধে ভারতকে ১২-১৩টি চিঠি দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, অবৈধ ভাবে যারা ভারতে আছে, তাদের ফেরত দেওয়ার যে পদ্ধতি আছে, তা মেনেই ভারতকে কাজ করতে হবে।
এই সম্মেলনে বিজিবি-র ডিজি মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিয়েছে। কূটনৈতিক মহলের আশা, তারেক রহমানের সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করার পরে দিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে অনুপ্রবেশ নিয়ে সীমান্ত উত্তেজনা নিরসন, মাদক ও চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ করা হবে।
সূত্র : এই সময়
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম