মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১০ জানুয়ারি ২০১৮ । ২৭ পৌষ ১৪২৪
দেশের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের ডিভাইস পরখ করে দেখার সুযোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘টেকশহর ডটকম স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৮’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিনদিনব্যাপী এই মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।
দেশে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে এটিই সবচেয়ে বড় আয়োজন। স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে এটি নবম আয়োজন- অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকারের।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকেই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ওইদিন বিকেলে সাড়ে ৩ টায় আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতোমধ্যে স্যামসাং, টেকনো, শাওমি, উই, হুয়াওয়ে, এলজি স্মার্টফোন, অপ্পো, সিম্ফনি, লাভা, নকিয়া, লেনোভো, আসুস জেনফোন, উইনম্যাক্স, মাইক্রোম্যাক্স, ডিসিএল, ডিটেল, এডাটা, কিকসা ডটকম, আজকের ডিল, বিজয় ডিজিটালসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। থাকছে অন্যান্য অনেক আয়োজন।
মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেইজে টেকনো মোবাইল’-এর সৌজন্যে (https://www.facebook.com/STExpo/) স্মার্ট বাজ কুইজ কনটেস্ট-এর আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার পাবেন।
প্রদর্শনীর সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/STExpo/) এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহর ডটকমে (techshohor.com) পাওয়া যাবে। সৌজন্যে : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম