Home / এই দিন / বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও লক্ষ্য বাস্তবায়নে শপথ নেয়ার আহবান জানালেন শিক্ষামন্ত্রী
nurul+islam+minister+mbd-3

বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও লক্ষ্য বাস্তবায়নে শপথ নেয়ার আহবান জানালেন শিক্ষামন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ আগস্ট ২০১৭ । ০১ ভাদ্র ১৪২৪

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপনের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে তাঁর আদর্শ, চেতনা ও লক্ষ্য বাস্তবায়ন করে সোনার বাংলা প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর এ আদর্শ ও চেতনা যদি আমরা নিজেদের মধ্যে ধারণ ও বাস্তবায়ন করতে পারি, তাহলে তাঁকে যারা হত্যা করেছে তাদের প্রতি প্রকৃত প্রতিশোধ গ্রহণ করা হবে। আর জাতীয় শোক দিবসে এটাই হোক আমাদের সবচেয়ে বড় শপথ।

মঙ্গলবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন, আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ, অতিরিক্ত সচিব এফ এম এনামুল হক, অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতার শত্রু ও ষড়যন্ত্রকারীরা ’৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর নাম ও নিশানা ইতিহাস থেকে মুছে ফেলতে এবং ইতিহাসের চাকাকে পেছন দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল।

কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ আজও অম্লান আছে এবং চিরকাল থাকবে উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসের পরাজিত শত্রুরা জাতির পিতাকে সপরিবারে হত্যা করলেও বাংলার মাটি থেকে তাঁর আদর্শ ও চেতনা মুছে দিতে পারেনি। বঙ্গবন্ধুর সে অসাম্প্রদায়িক চেতনা চির অমলিন হয়ে আছে এবং থাকবে।

নাহিদ বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণ ও নিপীড়নমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। সেই সোনার বাংলা গড়তে তিনি সোনার মানুষ তৈরির কথা বলে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন।

তিনি বলেন, তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই সোনার মানুষ গড়তে শিক্ষাকেই অন্যতম হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.