মাস্টারি বিডি ডটকম
ফরিদপুর । ১৬ আগস্ট ২০১৭ । ০১ ভাদ্র ১৪২৪
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার বিকেলে তারেক মাসুদের নিজ গ্রাম নূরপুরের বাড়ির আঙ্গিনায় তারেক মাসুদের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ, স্মরণসভা ও আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
তারেক মাসুদ মোমোরিয়াল ট্রাস্ট ও তারেক মাসুদ-মিশুক মনির চলচ্চিত্র সংসদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্মরণসভায় বক্তব্য দেন তারেক মাসুদের মা নূরুন্নাহার মাসুদ। তিনি বলেন, তারেক নেই, কিন্তু সকলে তারেকের উদ্দেশ্যে এখানে আসে এটাই আমার বেঁচে থাকার শক্তি জোগায়। তিনি বলেন, তারেক মরে যায়নি, সে বেঁচে আছে।
স্মৃতিচারণ অনুষ্ঠানে তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ বলেন, গ্রামের জন্য এবং গ্রামের মানুষের জন্য গভীর মমতা ও ভালবাসা ছিল তারেকের। তারেকের জন্য আমি গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে যুক্ত হয়েছি। তারেক নেই, তারপরও সে বেঁচে আছে তার গ্রামের মানুষের কাজের মধ্যে দিয়ে।

তিনি বলেন, তারেক মাসুদের ভাবনা বই, চলচ্চিত্রসহ বিভিন্ন মাধ্যমে দেশের তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তবেই তারেকের আদর্শ ও স্বপ্ন সার্থক হবে।
তারেক মাসুদ-মিশুক মুনীর চলচ্চিত্র সংসদ ভাঙ্গার আহ্বায়ক এ্যাপোলো নওরোজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা সরকারি কেএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশায়েদ ঢালি, শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজের অধ্যক্ষ বাবুল আশরাফ, উপজেলা সিপিবি নেতা আবু বক্কর, তারেক মাসুদের ভাই সাঈদ মাসুদ ও ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অঙ্কুর ভৌমিক।
স্মরণসভায় ক্যাথরিন মাসুদ আরো জানান তারেক মাসুদ মোমোরিয়াল ট্রাস্ট-এর উদ্যোগে ইতোমধ্যেই তারেক মাসুদের জীবন ও স্বপ্ন, তারেক মাসুদের চলচ্চিত্র ভাবনা ও তারেক মাসুদের গানের সংকলন নামে তিনটি বই প্রকাশিত হয়েছে। আগামী বই মেলায় তারেক মাসুদের চলচ্চিত্র কথা নামে আরো একটি বই প্রকাশিত হবে ।

তারেক মাসুদের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করেন তারেক মাসুদ মোমোরিয়াল ট্রাস্ট ও তারেক মাসুদ-মিশুক মুনীর চলচ্চিত্র সংসদ, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, ভাঙ্গা মহিলা কলেজ, উপজেলা সিপিবি, উপজেলা উদীচী ।
এছাড়া বাড়ির প্রাঙ্গণে তারেক মাসুদের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে তারেক মাসুদ-মিশুক মুনীর চলচ্চিত্র সংসদ। সন্ধ্যায় তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট নিজ পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্র “কাগজের ফুল” এর শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম