ফরিদপুরে বাস-অ্যাম্বুল্যান্স সংঘর্ষে নিহত ৫
Mastary Sangbad
May 24, 2026
জাতীয়, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ, সড়ক ও যোগাযোগ
51 Views
ঢাকা, রবিবার ২৪ মে ২০২৬ মাসস
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বাস-অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।নিহতের বিষয়টি নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন– মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের পিতা হাজী আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীর হোসেনের স্ত্রী খুশি বেগম (৪৫) ও জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০)। এছাড়া নিহত অ্যাম্বুলেন্সচালক কাউছার হোসেন (২২) মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে চিকিৎসার উদ্দেশে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল অ্যাম্বুলেন্সটি। পথে শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন। সংঘর্ষের ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।স্বজনরা জানান, পরিবারের এক সদস্যকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ বলেন, ‘বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সে ছিলেন।
’ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
2026-05-24