মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৫ এপ্রিল ২০১৮ । ১২ বৈশাখ ১৪২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্ট্রেলিয়ার সিডনীতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তিনদিনের সরকারি সফরে অষ্ট্রেলিয়া যাচ্ছেন।
সম্মেলনে প্রধানমন্ত্রী মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ওমেন’স লিডারশিপ এওয়ার্ড-২০১৮’ তে ভূষিত হবেন।
প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার বিকেলে থাই এয়ারওয়জের একটি বিমানে করে অষ্ট্রেলিয়ার সিডনীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং বিমানটির ২৭ এপ্রিল সকালে সিডনী পৌঁছবার কথা রয়েছে। খবর বাসস-এর।
শেখ হাসিনা সিডনীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শুক্রবার অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট এ্যাতিফেত জাহজাগার সঙ্গে এই গ্লোবাল ওমেন’স লিডারশিপ এওয়ার্ড-২০১৮ গ্রহণ করবেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘গ্লোবাল সামিট অব ওমেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা পদকে ভূষিত করেছে।
গ্লোবাল ওমেন সামিট বিশ্বব্যাপী নারী নেতৃবৃন্দের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলী সংক্রান্ত একটি বাৎসরিক সম্মেলন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একটি সূত্র জানায়, এই সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন।
প্রধানমন্ত্রী তাঁর এই সফরকালীন ২৮ এপ্রিল অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিডনীতে অষ্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সৌজন্য সাক্ষাত করবেন।
শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেল-এ একটি পাবলিক ফাংশনে যোগ দেবেন।
২৯ এপ্রিল তিনি দেশে ফিরে আসবেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম