মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ জানুয়ারি ২০১৭ । ০৩ মাঘ ১৪২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত রাতে ৫ দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছেন।
ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বাংলাদেশী নির্বাচিত নেতা হিসেবে এই ফোরামে যোগ দিতে যাচ্ছেন।
সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলে গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে আগামী ১৭ থেকে ২০ জানুয়ারি চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- “প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব”।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইট রাত ১০ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, চীফ হুইপ আসম ফিরোজ, তিনবাহিনী প্রধানগণ, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ডিপ্লোমেটিক কোরের ডিন প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
ফ্লাইটটি আজ সোমবার স্থানীয় সময় সকাল ৬ টা ৪৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবে। সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামিম আহ্সান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে সিলভ্রেটা পার্কহোটেলে নিয়ে যাওয়া হবে। সুইজারল্যান্ড সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
ডাভোস যাবার পথে শেখ হাসিনা সংযুক্ত আরব আমীরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় এক ঘন্টা ২০ মিনিট যাত্রা বিরতি করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে জানান, ডাভোসে অবস্থানকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন এবং ডাব্লিউইএফ’র নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও ফোরামের কর্মসূচির ফাঁকে শেখ হাসিনা বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের প্রতিফলন এটি। প্রধানমন্ত্রীর সক্ষমতা ও দূরদৃষ্টি যে তাকে বিশ্ব নেতৃত্বে অন্য স্তরে নিয়ে গেছে, এটা তারও ইঙ্গিত।
ডাভোস ফোরামের সভায় বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ব্যবস্থাপক ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বৈশ্বিক, আঞ্চলিক ও শিল্পখাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পাশাপাশি সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা।
এবারও প্রায় তিন হাজার শীর্ষ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ব্যবস্থাপক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডাভোসে মিলিত হবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এরমধ্যে ৪৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও থাকবেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধান এবং বহুজাতিক বৃহৎ কোম্পানির ব্যবস্থাপক ও উদ্যোক্তারা।
অন্যদের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লগার্ড, নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎজ, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ এবারের সভায় যোগ দিচ্ছেন।
১৭ থেকে ২০ জানুয়ারি ডাভোস ও ক্লস্টারসে অনুষ্ঠেয় এবারের সভায় প্রধানমন্ত্রী পানি অর্থনীতি, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, তথ্যপ্রযুক্তি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সেশনে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বক্তব্য রাখবেন।
সভার বাইরে বিভিন্ন দেশের শীর্ষনেতাদের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
পাঁচ দিনের সফর শেষে প্রধানমন্ত্রীর ২১ জানুয়ারি সকাল ১০ টা ১৫ মিনিটে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
সূত্র : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম