মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ ডিসেম্বর ২০১৬ । ০১ পৌষ ১৪২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের তুর্কমেনিস্তানে জরুরি অবতরণের ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে আরো তিনজন প্রকৌশলীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট বিজি ১০১১ ‘রাঙ্গা প্রভাত’ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট যাওয়ার পথে গত ২৭ নভেম্বর তুর্কমেনিস্তানের আশখাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সংবাদ বাসস-এর।
ওই ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত কর্মকর্তারা হলেন- প্রধান প্রকৌশলী (উৎপাদন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) এস এ সিদ্দিক এবং মুখ্য প্রকৌশলী (এমসিসি) বিল্লাল হোসেন।
এ ব্যাপারে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মিরাজ সংবাদমাধ্যমকে জানান, ‘তদন্তদলের দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে জাতীয় পতাকাবাহী বিমানের কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।’
এর আগে, গত ২৮ নভেম্বর বিমান-এর কারিগরি বিভাগের প্রধান ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চার-সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কর্মকর্তারা জানান, ‘লো লুব্রিকেন্ট অয়েল প্রেসার’-জনিত কারণে ভিভিআইপি ফ্লাইটের জরুরি অবতরণের জন্য তদন্ত কমিটি পরিদর্শনে সংশ্লিষ্টদের অবহেলাকে দায়ী করেন।
তদন্ত কমিটি গত ১২ ডিসেম্বর বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।
বিমান ছাড়াও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় ঘটনার তদন্তে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করে।
এর আগে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ছয়জন প্রকৌশলী ও কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। এরা হলেন- প্রকৌশলী এসএম রোকনউজ্জামান, প্রকৌশলী সামিউল হক, প্রকৌশলী লুৎফর রহমান, প্রকৌশলী মিলন চন্দ্র বিশ্বাস, প্রকৌশলী জাকির হোসেন এবং টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম