মাস্টারি বিডি ডটকম
নাটোর । ১১ জুলাই ২০১৭ । ২৭ আষাঢ় ১৪২৪
দেশীয় ফুল ও ফল উৎপাদনের পরিধি বাড়াতে নাটোর শহরের ১০০ বাড়িতে গাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণ পর্যায় শেষে আজ মঙ্গলবার থেকে পরিচর্যার পরামর্শ প্রদান কার্যক্রম শুরু করেছে উদ্যোক্তা সংগঠন শাখী’র সদস্যরা। সংবাদ বাসস-এর।
শহরের কানাইখালী, পটুয়াপাড়া, হরিশপুর, চকরামপুর, বলারীপাড়া, কাপুড়িয়াপট্টি ও শুকুলপট্টি এলাকার সংশ্লিষ্ট ১০০টি বাড়িতে যেয়ে ফুল ও ফল গাছ পরিচর্যায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। এর আগে এসব বাড়িতে একটি করে দেশীয় ফুল ও ফলের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত ফুল গাছের মধ্যে রয়েছে হাস্নাহেনা, বেলী, কৃষ্ণচূড়া, সোনালু ও টগর এবং ফল গাছের মধ্যে রয়েছে চালতা, লটকন, করমচা, তেঁতুল, বেল, কদবেল, ছবেদা, বাতাবী লেবু, জাম,জামরুল, পেয়ারা, আম ও নারকেল।
‘প্রকৃতি ও মানুষের সাথে’-স্লোগানে পরিবেশ সংরক্ষণ ও সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন শাখী’র পক্ষ থেকে চলতি বর্ষা মৌসুমে আরো ১০০টি ফুল ও ফলের চারা রোপণ করা হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে মানুষকে রক্ষা করে বাসযোগ্য দেশ গড়তে দেশের সবচেয়ে উষ্ণতম এলাকা হিসাবে নাটোরে আগামী ২০২০ সালের মধ্যে সংগঠনের পক্ষ থেকে এক লক্ষ বৃক্ষ রোপণ করার পরিকল্পনার কথা জানান শাখী’র আহ্বায়ক এস এম জাকারিয়া বুলবুল।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম