মাস্টারি বিডি । শিমুল আহসান
সাহিত্য ডেস্ক । ১৩ নভেম্বর ২০১৮ । ২৯ কার্তিক ১৪২৫
বাংলা সাহিত্য-সংস্কৃতির অন্যতম পথিকৃৎ,খ্যাতিমান কথাশিল্পী, চলচ্চিত্র-নাটক নির্মাতা হুমায়ুন আহমেদের ৭১তম জন্মদিন আজ।
হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই বাংলা সাহিত্যের এই সৃস্টিশীল ও জনপ্রিয় লেখক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্তেকাল করেন।
হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে।
ছাত্র জীবনেই তার লেখালেখি শুরু। ১৯৭২ সালে তার প্রথম উপন্যাস ‘নন্দিত নরক’ প্রকাশ পায়। তখন তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ১৯৭৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস‘ শংখনীল কারাগার ।’ এই দুটি বই প্রকাশের পর হুমায়ুন আহমেদ একজন শক্তিশালী কথাশিল্পী হিসেবে পাঠকমহলে সমাদৃত হন। তার বইয়ের সংখ্যা দুই শতাধিক।

তার লেখায় বাঙালি সমাজ ও জীবনধারার গল্পমালা ভিন্ন আঙ্গিকে এবং রসাত্মক ও বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপিত হয়েছে। গল্প বলায় ভাষার ব্যবহারে নিজস্ব একটা কৌশল এবং বর্ণনায় লোকজধারাকে প্রাধান্য দেন। বাস্তবতা থেকেই উঠে এসেছে তার প্রতিটি সৃষ্টিকর্ম। মানুষের মানচিত্রও উঠে এসেছে। বাংলা সাহিত্যের কল্পবিজ্ঞান সাহিত্যে তাকে পথিকৃৎ বলেছেন সমোলোচকরা। তিনি উপন্যাস, গল্প, জীবনী, নাটক, চলচ্চিত্রে কাজ করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে তার লেখা বেশ কয়েকটি উপন্যাস, কয়েকটি নাটক, কয়েকটি চলচ্চিত্র কালজয়ী কর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
শিল্প-সংস্কৃতির প্রসারে হুমায়ুন আহমেদ গাজীপুরে প্রতিষ্ঠা করেন ‘নুহাশ পল্লী’। এই প্রতিষ্ঠানই ছিলো তার সকল কাজের আঙ্গিণা।
তার প্রকাশিত অন্যান্য উল্লেখযোগ্য বই হচ্ছে, জ্যোৎস্না ও জননীর গল্প, মধ্যাহ্ন, কিশোর সমগ্র, হিমুর আছে জল, লীলাবতী, হরতন ইস্কাপন, হিমুর বাবার কথামালা, গল্প পঞ্চাশ, আমিও মিছির আলী, হিমু রিমান্ডে, মিছির আলীর চশমা, দিঘির জলে কার ছায়া গো, আজ হিমুর বিয়ে, লিলুয়া বাতাস, কিছু শৈশব, হুমায়ুন আহমেদের ভৌতিক অমনানিবাস, আগুনের পরশমনি, পাপ ৭১, শ্রাবণ মেঘের দিন। তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে শংখনীল কারাগার, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, শ্যামল ছায়া।
সাহিত্যে অবদানের জন্য হুমায়ুন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পদকসহ অসংখ্য পুরস্কার লাভ করেন।
দিবসটি উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল-আই ‘হুমায়ুন মেলা’র আয়োজন করেছে। তেজগাঁয় চ্যালেন আই প্রাঙ্গণে এই মেলায় থাকবে নানা আয়োজন । প্রকাশনা সংস্থা অন্য প্রকাশের পক্ষ থেকে ‘হুমায়ুন আহমেদ পুরস্কার’ প্রদান করবে। জাতীয় জাদুঘরের আয়োজনে রয়েছে ‘হুমায়ুন আহদেমের সাহিত্য ও জীবন’ শীর্ষক স্মরণ অনুষ্ঠান। কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ বিকেল পাঁচটায় এই অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরউদ্দিন প্রধান অতিথি থাকবেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম