মাস্টারি বিডি ডটকম
ঢাকা। ১৮ ডিসেম্বর ২০১৬ । ০৪ পৌষ ১৪২৩
দেশের ৬৪ জেলায় এলজিইডির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, জাতির পিতার প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান জানাতে কুণ্ঠাবোধ করলে তা আমাদের জন্য লজ্জার। কেননা জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান বাঙালি জাতির কাছে অবিস্মরণীয়।
মন্ত্রী শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে মহান বিজয় দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী এলজিইডি ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেন, দেশের নদ-নদীরগুলোর নাব্যতা বাড়াতে সরকার আগামী ৫ বছরের মধ্যে বড় বড় নদ-নদীতে খনন কার্য চালাবে।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নদ-নদীতে পানির ধারণ ক্ষমতা বাড়াতে টারশিয়ারি ক্যানেলে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে পরিকল্পনা গ্রহণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি)। পানির সংকট দেখা দেয়ার আগেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
খন্দকার মোশাররফ হোসেন বলেন, খরার সময় দেশে পানির স্বল্পতা দেখা দিচ্ছে। পানির স্তর কোন কারণে কমে যাচ্ছে, তা অনুসন্ধান করতে এবং এর সমাধান খুঁজতে হবে। এছাড়া কিভাবে পানির উত্তোলন বাড়ানো যায়- সে লক্ষ্যে গ্রাউন্ড লেভেল থেকে পানি উত্তোলনে ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামীতে আমাদের সারফেজ পানির ব্যবহার বাড়ানোর উপরও গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ নির্দিষ্ট সময়ের আগেই মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারবে। ২০২১ সাল দারিদ্রমুক্ত দেশ এবং মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এই লক্ষ্যমাত্রার আগেই দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন।
বর্তমান সরকার সময়ে দেশের মানুষের মাথা পিছু আয় অনেক বেড়েছে- এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মাথা পিছু আয় এখন ১ হাজার ৬৫৫ ডলারে এসে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে দেশের সকল ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবে। আর এই ধারাবাহিকতায় ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে।
মন্ত্রী বলেন, এলজিইডি দেশের অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। আগামী পাঁচ বছরে নদী খননসহ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে সরকারের বিভিন্ন সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে মাথাপিছু আয়, প্রবৃদ্ধির হার, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন সূচকে সফলতায় বিশ্ব দরবারে বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
তিনি স্বাধীনতার ৪৫ বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরেন।
মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে- দেশের অগ্রযাত্রার এ দুর্বার গতি কোনো অপশক্তি থামাতে পারবে না।’
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ইকরামুল হক, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মাদ ওয়ালীউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এবছর ১২টি স্টল নিয়ে আয়োজিত এ বিজয় মেলায় এলজিইডি’র বিভিন্ন প্রকল্পসহ ঢাকা ওয়াসা, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতর, দক্ষিণ ঢাকা সিটি করপোরেশন মেলায় অংশ নেয়। বিভিন্ন প্রকল্প মেলায় প্রদর্শন করা হয়।

বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে এলজিইডির নিজস্ব শিল্পীরা ছাড়াও আমন্ত্রিত শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম