মাস্টারি বিডি ডটকম
ঢাকা ০৯ অক্টোবর ২০১৬ । ২৪ আশ্বিন ১৪২৩
রাজধানীর একটি হোটেলে আজ রোববার সার্ভিস লেনসহ ঢাকা-সিলেট মহাসড়কটি চার লেনে উন্নীত করতে চীন সরকারের মনোনীত একটি কোম্পানি চায়না হারবার ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে চুক্তি হয়েছে।
চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রেসিডেন্ট ট্যাং কিয়াওলিয়াং এবং সড়ক ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান চুক্তিতে সই করেন।
এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকারি পর্যায়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় কাচপুর থেকে সিলেট পর্যন্ত ২২৬ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। মহাসড়কের উভয় পাশে সার্ভিস লেন থাকবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার পরও আমরা সার্ভিস লেনের অভাব বোধ করছি। এই দুই মহাসড়কে এখন নতুন প্রকল্প নিয়ে সার্ভিস লেন তৈরির চিন্তা-ভাবনা করছি।
চীন সরকারের অর্থায়নে সম্ভাব্য প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রকল্পটি ২০১৮ সালের মধ্যে বাস্তবায়ন করবে বলে জানান তিনি।
সড়কমন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরামর্শ অনুযায়ী প্রকল্পের জন্য একটি কারিগরি ও নেগোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ব্যয় ১৭ হাজার কোটি টাকা ধরা হলেও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে কমিটি পরে প্রকল্পের প্রকৃত ব্যয় নির্ধারণ করবে।
অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান জানান, এই চার লেনের দুই পাশে আলাদা সার্ভিস লেন থাকবে, যেখানে ধীরগতির যানবাহন চলাচল করবে।
প্রসঙ্গত, প্রকল্পের আওতায় ছোট আকারের ৬০টি সেতু, চারটি ফ্লাইওভার ও ২৭টি বক্স কালভার্ট নির্মাণ করা হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম