মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ মে ২০১৭ । ২৮ বৈশাখ ১৪২৪
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ডিজিটাল সিস্টেম ও অটোমেশন গ্রাহক সেবা বৃদ্ধি করবে। মানুষ এখন হাতের কাছেই সেবা পেতে চায়। বিতরণ সংস্থাগুলোকে বিদ্যুৎ ও জ্বালানি সেবা নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে।
প্রতিমন্ত্রী আজ সুইডেনের স্টকহোমে এবিবি অফিস পরিদর্শনকালে এসব কথা বলেন। এবিবি শিল্পক্ষেত্রে অটোমেশন ও ডিজিটালাইজেশন প্রযুক্তি প্রদান করে থাকে। ১০০টির বেশি দেশে এবিবি কাজ করে। পাওয়ার কনসালটিং, পাওয়ার ইলেক্ট্রনিকস, সাবস্টেশন অটোমেশন, প্রটেকশন ও কনট্রোল, সাবস্টেশনে ইলেক্ট্রিফিকেশন, পাওয়ার গ্রিড আধুনিকীকরণ, পাওয়ার কানেকটিং, টার্বোচার্জিং ইত্যাদি কাজ করে থাকে। এবিবি, সুইডেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন ও সঞ্চালন ব্যবস্থায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় এবিবি‘র প্রযুক্তি সমূহের অবস্থা বর্ণনা করেন এবিবি‘র স্কান্ডেনেভিয়া অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবার্ট লারজন।

প্রতিমন্ত্রী এবিবি‘র আধুনিক প্রযুক্তি বাংলাদেশে সংশ্লিষ্ট সংস্থায় এগুলো উপস্থাপনের জন্য এবিবি কর্তৃপক্ষকে অনুরোধ করেন। তিনি বলেন, বিদ্যুৎ খাতে স্মার্ট সিস্টেম প্রবর্তন এখন সময়ের দাবি। সরকার দ্রুত এ খাতকে নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশবান্ধব, আধুনিক প্রযুক্তি সম্মিলিত করে পরিচালন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ সময় গ্রিড অটোমেশন কন্ট্রোল ও অপটিমাইজেশন, অটোমেশন নেটওয়ার্ক, এনভাইরোনমেন্টাল টেকনোলজি, ইলেক্ট্রিক্যাল মেশিন ও পাওয়ার ইলেক্ট্রনিকস, রবার্ট অটোমেশন, ন্যানো-টেকনোলজি, পাওয়ার সিস্টেমস ও এপারাটাস, সফ্টওয়ার আর্কিটেকচার এবং ট্রান্সমিশন প্রসেস নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য সুইডেন সরকারের আমন্ত্রণে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ৩ দিনের সরকারি সফরে ৯ মে সুইডেন যান এবং সুইডিশ ট্রেড ও ইনভেস্ট কাউন্সিলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে এবিবি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে নরায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভী, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনি ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহিদ সারওয়ার (অব.) উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম