মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০১ নভেম্বর ২০১৭ । ১৭ কার্তিক ১৪২৪
চলছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্মাণাধীন রাজস্ব ভবনে এ মেলার উদ্বোধন করা হয়। এরইমধ্যে মেলা প্রাঙ্গণে করদাতাদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে।
মেলায় করদাতারা আয়কর রিটার্ন পূরণ করে জমা দেয়া ও প্রযোজ্য কর পরিশোধ করতে পারবেন। নতুন করে করের খাতায় নিবন্ধিত হয়ে কর সনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেওয়াসহ সব ধরনের কর সেবা নিতে পারবেন। ঢাকাসহ সব বিভাগীয় শহরে এ মেলা চলবে সাতদিন। এছাড়া ৫৬টি উপজেলায় চার দিন, ৩৪টি উপজেলায় দুই দিন আর ৭১টি উপজেলায় একদিন ভ্রাম্যমাণ এ আয়কর মেলা চলবে। বিভাগীয় শহর ছাড়াও ১৮টি জেলা ও দুইটি উপজেলাসহ ২০টি স্পটে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
সর্বশেষ গত বছর আয়কর মেলায় এসে সেবা নিয়েছেন ৯ লাখ ২৯ হাজার ব্যক্তি, যা তার আগেই বছরের চাইতে ১ লাখ ৭২ হাজার বেশি। তাদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার করদাতা রিটার্ন জমা দেয়ার বিপরীতে ২ হাজার ১৩০ কোটি টাকা আয়কর দিয়েছেন। মেলায় নতুন কর সনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেয়ার মাধ্যমে করের খাতায় নাম লিখিয়েছেন ৩৬ হাজার ৮৫৩ জন।

আয়কর মেলার উদ্বোধনকালে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবার মেলায় সেবা গ্রহীতার সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। রাজস্ব বোর্ড (এনবিআর) এ মেলার আয়োজন করছে। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধি ছাড়াও এনবিআরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, এ পর্যন্ত ই-টিআইএনধারীর সংখ্যা ৩১ লাখের বেশি। এর মধ্যে গত এক বছরেই সরকারের খাতায় করের জন্য নাম লিখিয়েছেন (ই-টিআইএন গ্রহণ) ১০ লাখের বেশি।
সৌজন্যে : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম