মাস্টারি সংবাদ | নিজস্ব প্রতিবেদক
পরিবেশ | ১ ডিসেম্বর ২০২৩ | ১৬ অগ্রহায়ণ ১৪৩০
শুরু হলো ঢাকা কক্সবাজার ঢাকার পথে নতুন ট্রেনের স্বপ্নের যাত্রা। ৪৮০ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা-কক্সবাজার রেলপথের এই চলাচল আনুষ্ঠানিকভাবে আজ শুক্রবার শুরু হলো । এরই সঙ্গে অবসান হলো কক্সবাজারবাসীর অপেক্ষার প্রহর। দুপুর ১২টা ৪৫ মিনিটে সৈকতের শহর কক্সবাজারের আইকনিক রেলস্টেশন থেকে ১ হাজার ২০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ২০ বগির ‘কক্সবাজার এক্সপ্রেস’।
এ ট্রেনযাত্রার উদ্বোধন করেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর। ওই ট্রেনে তিনি যাবেন চট্টগ্রাম পর্যন্ত। ট্রেন ছাড়ার আগে রেলসচিব সাংবাদিকদের বলেন, কক্সবাজারের প্রথম ট্রেনযাত্রায় ১ হাজার ২০ যাত্রী ইতিহাসের সাক্ষী হলেন। এতে কক্সবাজারের পর্যটনসহ ব্যবসা-বাণিজ্যে চাঙাভাব ফিরে আসবে। ট্রেনের চাহিদা দ্রুত বাড়ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ইতিমধ্যে আগামী ১০ দিনের টিকিট অগ্রিম কাটা হয়ে গেছে। সংকট নিরসনে ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান বাড়ানোর চেষ্টা চলছে। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম