মাস্টারি বিডি ডটকম ।
স্পোর্টস ডেস্ক । ১১ এপ্রিল ২০১৮ । ২৮ চৈত্র ১৪২৪
গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে আরো একবার বিজয়ের পতাকা উড়াল বাংলাদেশের কৃতি শ্যূটার শাকিল আহমেদ। আজ বুধবার বেলমন্ডের শ্যূটিং রেঞ্জে অনুষ্ঠিত ৫০ মিটার পিস্তলে রৌপ্য পদক জিতে আনলেন বাংলাদেশের ২২ বছরের এই তরুণ শ্যূটার। এর ফলে আবদুল্লাহ হেল বাকির পর আরো একটি পদক যুক্ত হল বাংলাদেশের সংগ্রহশালায়।
গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ঠিক এরকম একটি মুহূর্তের জন্যই যেন অপেক্ষা করছিলো পুরো বাংলাদেশ দল। এর আগে ১০ মিটার এয়ার রাইকেলে বাকি অল্পের জন্য স্বর্ণ জিততে পারেননি। তবে সাফ গেমসে স্বর্ণপদক জয়ী শাকিলের উপর দৃষ্টি ছিল সবার। মাঝপথে অল্পের জন্য পদক বঞ্চিত হয়েছে বাংলাদেশ দলের নারী শ্যূটার উম্মে জাকিয়া সুলতানা। তার পরও বাকির জেতা রৌপ্য পদকের সঙ্গে আরেকটি রৌপ্য অন্তত যোগ করবেন সেই প্রত্যাশা জোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত তার পিস্তলের গুলিতে প্রতিক্ষীত প্রত্যাশা পূরণ করলেন শাকিল।
এসএ গেমসে স্বর্ণজয়ী শাকিলের কমনওয়েলথ গেমসে এটাই প্রথম পদক জেতা। আর তাই রেঞ্জ থেকে বেরোনোর পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি দারুণ আনন্দিত ও গর্বিত বলে জানালেন।
আজ বেশ প্রত্যয়ের সঙ্গে পিস্তল হাতে বেলমন্ট শ্যুটিং সেন্টারের রেঞ্জে ঢোকেন শাকিল। একের পর এক বাধার দেয়াল টপকে যান নিখুঁত নিশানায়। ২২০.৫ পয়েন্ট স্কোর করে জিতে নেন রৌপ্যপদক। অস্ট্রেলিয়ার আকাশে আবার ওড়ান দেশের পতাকা। ২২৭.২ পয়েন্টে নতুন গেমস রেকর্ড গড়ে এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন স্বাগতিক দলের ড্যানিয়েল রেপাচোলি। অনেকটাই পিছিয়ে থেকে মাত্র ২০১.১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন ভারতের ওম মিথারভাল। বাংলাদেশের আরেক শ্যূটার আনোয়ার হোসেন দশম হয়ে ইভেন্ট শেষ করেন।
শাকিলের রৌপ্য জয়ী নৈপুণ্যে আজ গেমস ভিলেজে বযে যায় আনন্দেও বন্যা। এ যেন বাংলা নববর্ষ উদযাপনের জন্য উৎসবের একটি দারুণ উপলক্ষ। যার ঢেউ রমনার বটমূল থেকে পৌঁছে গেছে তাসমান সাগরের নীল সমুদ্রতীর গোল্ড কোস্টে।
সতীর্থরা আলিঙ্গনে ও শুভেচ্ছায় ভরিয়ে দেন তাকে। জাতীয় পতাকা নিয়ে উল্লাসের মুহূর্তে তাদের সঙ্গে যোগ দেন কর্মকর্তারাও।
দীর্ঘ ২৮ বছর পর কমনওয়েলথ গেমসের শ্যূটিংয়ে পিস্তলের ইভেন্ট থেকে কোনো পদক জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এটি বাংলাদেশের নবম আসর। ১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে এয়ার পিস্তল পেয়ারসে স্বর্ণপদক জিতে দেশকে আনন্দের বন্যায় ভাসিয়েছিলেন আতিকুর রহমান ও আবদুস সাত্তার নিনি। সেটি ছিলো বাংলাদেশের ইতিহাসে কমনওয়েলথ গেমসে প্রথম অংশ গ্রহণ। সেবার ৫০ মিটার ফ্রি পিস্তলে ব্রোঞ্জপদকও জয় করেন এই জুটি। এক যুগ বাদে ২০০২ সালে ম্যাঞ্চেস্টারে কমনওয়েলথ গেমস থেকে দেশকে আবার সোনালী সাফল্য এনে দেন আসিফ হোসেন খান। তবে এক গেমস থেকে দুটি পদক জয়ের ঘটনা অকল্যান্ডেই প্রথম। এর পর অস্ট্রেলিয়ার এই গোল্ডকোস্ট গেমসে ফের দুটি পদক জয় করল বাংলাদেশের শ্যূটাররা।
বাকি তিন দিনে রেঞ্জ থেকে আরও পদকের আশা করছেন কর্মকর্তারা। সে ক্ষেত্রে পদক সংখ্যায় এগিয়ে যাবে গোল্ড কোস্ট। সেই প্রত্যাশা পূরণে বাকী-শাকিলের সাফল্য বাড়তি প্রেরণা জোগাচ্ছে বাংলাদেশ শিবিরে।
অস্ট্রেলিয়ার বিশালবপুর শ্যূটার ড্যানিয়েলের ৩৬তম জন্মদিন ছিলো আজ। এমন দিনে স্বর্ণপদক জয়ের আনন্দ তাই বাড়তি উদযাপনের খোরাক জোগায় তার সতীর্থদের। এবারের গেমসেই তিনি এর আগে ১০ মিটার এয়ার পিস্তলে চতুর্থ হয়ে হতাশায় ভেঙে পড়েছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৫০ মিটারে স্বর্ণ জেতাটা সত্যিই তাকে আবেগাপ্লুত করে তোলে। গ্লাসগোতে গত আসরেও ড্যানিয়েল এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন। তবে আজ গোল্ড কোস্টে নাটকীয় পতন ঘটে এই ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের জিতু রায়ের।
প্রথম প্রতিযোগী হিসেবে ইভেন্টের চূড়ান্ত পর্ব থেকে ছিটকে পড়েন তিনি। স্কোর মাত্র ১০৫। চলতি আসরে জিতু অবশ্য গত সোমবার ১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতেছেন।
এদিকে ব্রিসবেনে অবস্থিত বেলমন্ট শুটিং রেঞ্জে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের হয়ে মেয়েদের ৫০ মিটার রাইফেল প্রোনে নিশানাভেদের লড়াইয়ে নামবেন সুরাইয়া আকতার ও শারমিন শিল্পা। অন্যদিকে কারারা স্পোর্টস অ্যান্ড লেইজার সেন্টারে পুরুষদের ৭৪ কেজি ওজন শ্রেণির ফ্রিস্টাইল রেসলিংয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন আলী আমজাদ।
এ ছাড়া আগামী শুক্রবার শিরিন সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করবেন মহিলাদের ৬৮ কেজি ওজন শ্রেণির ফ্রিস্টাইল রেসলিংয়ে। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম